দুই দফায় অনুষ্ঠিত ২১২টি উপজেলা পরিষদ নির্বাচনে দুই শ্রেণীর ভাইস চেয়ারম্যান পদে ১৭১টিতে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন। আওয়ামী লীগের প্রার্থীরা ১২৯টিতে জয়ী হয়েছেন। জামায়াত জিতেছে ৭৪টিতে।
ভাইস চেয়ারম্যান পদে বিএনপি-জামায়াত মিলে আওয়ামী লীগের প্রায় দ্বিগুণ উপজেলায় জয়ী হয়েছে। চেয়ারম্যান পদেও বিএনপি ও জামায়াত আওয়ামী লীগের চেয়ে ভালো ফল করেছে।
স্থানীয় সূত্রগুলো জানায়, ভোটারদের সরকারবিরোধী মনোভাব ও স্থানীয় পর্যায়ে বিএনপি ও জামায়াতের মধ্যে সমঝোতার কারণেই মূলত জামায়াত ভাইস চেয়ারম্যান পদে এত বেশি উপজেলায় জিতেছে।
প্রথম দফায় গত ১৯ ফেব্রুয়ারি ৯৭টি এবং দ্বিতীয় ২৭ ফেব্রুয়ারি ১১৪টি (ওই দিন এর বাইরে একটির নির্বাচন স্থগিত হয়) উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এর বাইরে রংপুরের পীরগঞ্জে ২৪ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়।
এসব উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বিএনপি এককভাবে ৬৭টিতে ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০৪টিতে জয়ী হয়েছে। আর জামায়াতে ইসলামীর প্রার্থীরা ভাইস চেয়ারম্যান পদে ৫৫টিতে ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৯টি জয়ী হন।
অপরদিকে আওয়ামী লীগ ভাইস চেয়ারম্যান পদে ৬০টিতে ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬৯টি পদে জয়ী হয়েছে।
এর বাইরে বর্তমান সরকারের সহযোগী ও জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি ভাইস চেয়ারম্যান পদে পাঁচটি, মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুটিতে জিতেছে। ২১২টি উপজেলার মধ্যে বাকিগুলোতে স্বতন্ত্র ২৪, বিদ্রোহী ৫ ও অন্যান্য দলের ১২ জন জিতেছেন।
সর্বশেষ ২৭ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ভাইস চেয়ারম্যান পদে ৩৫টি ও মহিলা ভাইস চেয়ারম্যান ৬৬টি উপজেলায় জিতেছে। জামায়াতে ইসলামী জিতেছে যথাক্রমে ৩২টি ও ৯টিতে।
আওয়ামী লীগ ভাইস চেয়ারম্যান পদে জিতেছে ৩০টিতে ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩২টিতে। অর্থাৎ শেষ দফায় ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের চেয়েও জামায়াত বেশি উপজেলায় জিতেছে।