ভাইস চেয়ারম্যান প্রার্থী ছয় নারী মাধ্যমিকের গণ্ডি পার হননি
উপজেলা পরিষদ নির্বাচনে পঞ্চগড়ের চার উপজেলার ১৭ জন নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ তবে তাঁদের মধ্যে ছয়জন মাধ্যমিকের গণ্ডিই পার হননি৷
জেলার পাঁচটি উপজেলার মধ্যে প্রথম দফায় সদর, বোদা, দেবীগঞ্জ ও আটোয়ারীতে ১৯ ফেব্রুয়ারি িনর্বাচন অনুষ্ঠিত হবে৷ এই চার উপজেলায় নারী ভাইস চেয়ারম্যান পদে ওই ১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ তাঁদের মধ্যে ১৩ জনই গৃহিণী৷ একজন করে পারলার ব্যবসায়ী, বিমাকর্মী, শিক্ষক ও শিক্ষানবিশ আইনজীবী রয়েছেন৷ তবে ওই প্রার্থীদের চারজন মাধ্যমিক পাস, ছয়জন স্নাতক পাস ও একজন শিক্ষাগত যোগ্যতার ঘরে কিছুই লেখেননি৷ বাকি ছয়জন মাধ্যমিকের গণ্ডিই পার হননি৷
হলফনামা থেকে জানা গেছে, আটোয়ারীর ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী মীরা রানী শিক্ষাগত যোগ্যতার ঘরে কিছুই লেখেননি৷ সদরের সুফিয়া খানমের শিক্ষাগত যোগ্যতার ঘরে চতুর্থ শ্রেণী লেখা৷ এ ছাড়া দেবীগঞ্জের সুরাইয়া পারভীন ও রাশিদা বেগম, আটোয়ারীর মনোয়ারা বেগম, বোদার লাইলী বেগম ও সদরের জোহরা আকতার মাধ্যমিকই পাস করেননি৷