ভাইস চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম হায়দারের বিরুদ্ধে বিদেশে লোক পাঠানোর নামে দেড় কোটির বেশি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রতারণার শিকার ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা রাজধানীর মতিঝিল থানায় তাঁর নামে একটি মামলা ও চারটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ ছাড়া দুটি বাংলা জাতীয় দৈনিক পত্রিকায় তাঁর ছবিসহ ‘ধরিয়ে দিন’ শিরোনামে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তিনি আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।
১৫ মার্চ অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে আদিতমারী উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মাইক মার্কা নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন সেলিম হায়দার। আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সবাই তাঁর প্রতারণার বিষয়টি জেনেও শুধু তিনি ‘ভোটে দাঁড়িয়েছেন বলে এখন কিছু করা যাবে না’—এমন অজুহাতে দায়িত্ব পালন করছেন না বলে অভিযোগ উঠেছে।
গত ২৫ ফেব্রুয়ারি ঢাকা থেকে প্রকাশিত একটি দৈনিকের ৮ পৃষ্ঠায় ‘সন্ধান চাই’ শিরোনামে এবং ২৭ ফেব্রুয়ারি অপর একটি দৈনিকের ৯ পৃষ্ঠায় ‘ধরিয়ে দিন’ শিরোনামে সেলিম হায়দারের ছবি ও পরিচিতি দিয়ে বিজ্ঞাপন আকারে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। একটি বিজ্ঞাপন দিয়েছেন প্রতারণার শিকার টাঙ্গাইল জেলার শিবনাম গ্রামের আক্তার হোসেনের ছেলে শামিউর রহমান। আর অপর বিজ্ঞাপনটি দিয়েছেন নড়াইল জেলার আফরা গ্রামের আবুল কাসেম মোল্লার ছেলে জাহাঙ্গীর আলম। এ ছাড়া সেলিম হায়দারের বিরুদ্ধে কয়েকটি থানায় টাকা আত্মসাতের অভিযোগে জিডি রয়েছে।
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুক দুলালী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে সেলিম হায়দার। তিনি ঢাকার মতিঝিল থানাধীন ২৮/১-সি টয়েনবি সার্কুলার রোড (৭ম তলা) ঠিকানায় দেশ ফার্মা লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, বিদেশে পাঠানোর নাম করে বিজ্ঞাপনদাতা দুজনসহ নয়জনের কাছ থেকে মোট এক কোটি ৫৮ লাখ টাকা নিয়েছেন সেলিম হায়দার। নরসিংদীর আবদুল কাদের নামে একজনের কাছ থেকেই নিয়েছেন ৭৮ লাখ টাকা। তিনি ছিলেন সেলিম হায়দারের এজেন্ট। তিনি টাকা অনেকের কাছ থেকে সংগ্রহ করে দিয়েছিলেন।
এ ব্যাপারে ঢাকার মতিঝিল থানার ওসি ফরমান আলী বলেন, জিডি যখন হয়েছে, তখন অবশ্যই অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লালমনিরহাট জেলার আদিতমারী থানার ওসি আসলাম ইকবাল বলেন, ‘পত্রিকায় সেলিম হায়দারের ছবিসহ ধরিয়ে দিন বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি আমরা জেনেছি। তিনি উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী। রিটার্নিং বা সহকারী রিটার্নিং অফিসারের নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেত।’ আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজাউল আলম বলেন, প্রার্থিতা দাখিলের সময় ঘটনাটি অভিযোগ আকারে জানা গেলে ব্যবস্থা নেওয়া সহজ হতো।
অভিযুক্ত সেলিম হায়দার প্রথম আলোকে বলেন, ‘আমি নির্বাচন নিয়ে ব্যস্ত আছি। এখন অন্য বিষয়ে মতামত দেওয়ার ইচ্ছা বা আগ্রহ নেই। বিষয়টি নিয়ে সাংবাদিকের এত আগ্রহ কেন, বুঝতে পারছি না।’