ভাইস চেয়ারম্যান যুক্তরাষ্ট্রপ্রবাসী বেতন নেন ঠিকই
হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন সপরিবারে দুই বছর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। কিন্তু একবার এসে বেতন-ভাতা তুলে নিয়ে গেছেন ঠিকই। তিনি কর্মস্থলে যোগ দেননি প্রায় ২৬ মাস।
এ ঘটনায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অভিযোগ করা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট বিভাগ তদন্ত বা আইনানুগ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভোটে শিহাব উদ্দিন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর এ পদে থেকে পরিষদের কার্যক্রমে অংশ নেন। পরে একই বছরের ২৭ সেপ্টেম্বর দুই মাসের ছুটি নেন।
তিনি ২৫ নভেম্বর পরিষদে আবার যোগ দেওয়ার কথা থাকলেও তা আর করেননি। তিনি সপরিবারে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ২০১৫ সালের জানুয়ারিতে একবার পরিষদে যোগ দিয়ে তাঁর বেতন-ভাতা তোলেন। এরপর থেকে আর পরিষদের কোনো কার্যক্রমে অংশ নেননি। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন।
এ ঘটনায় মুক্তিযোদ্ধা মো. ফিরোজ মিয়া ২০১৫ সালের ২৬ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সিলেট বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেন। এ ছাড়া গত বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উপজেলা পরিষদের এক সভায় বিষয়টি উত্থাপন করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, পরিষদের পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিনের বিনা অনুমতিতে পরিষদে অনুপস্থিত থাকার বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হয়।
এরপর গত বছরের ১৮ ডিসেম্বর সিলেট স্থানীয় সরকার বিভাগের পরিচালক মতিউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি তদন্তের তারিখ নির্ধারণ করা হয় এবং উপজেলা পরিষদকে তা জানানো হয়।
ফিরোজ মিয়া প্রথম আলোকে বলেন, স্থানীয় সরকার বিভাগ সঠিকভাবে তদন্ত করছে না।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল হাই বলেন, শিহাব উদ্দিন সপরিবারে যুক্তরাষ্ট্রে আছেন। মনে হয় না তিনি আর দেশে ফিরবেন।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন কার্যক্ষেত্রে ২৬ মাস অনুপস্থিত থাকলেও মধ্যে একবার ২০১৫ সালের জানুয়ারি মাসে যোগ দেন। তাঁর বেতন-ভাতা উত্তোলন করেছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে আছেন। তাঁরা বিষয়টি জেলা প্রশাসন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অবহিত করেছেন।
তদন্তে বিলম্ব হওয়ার বিষয়ে ইউএনও বলেন, সিলেট বিভাগীয় কমিশনার অসুস্থ থাকার কারণে পূর্বনির্ধারিত তারিখে তিনি আসতে পারেননি। তদন্তের নতুন তারিখ নির্ধারণ করা হবে।