শিবগঞ্জে ইউনিয়ন পরিষদের (ইউপি) নারী সদস্য নূরজাহান বেগমের ওপর হামলার ঘটনায় করা মামলার অন্যতম আসামি সদ্য নির্বাচিত শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহীদুল হক হায়দারীর রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম সেলিম রেজা শহীদুল হকের রিমান্ডের আবেদন নামঞ্জুর করেন।
শুনানি শেষে শহীদুল হককে ফের জেলহাজতে পাঠানো হয়েছে। আদালত আরও বলেছেন, পুলিশ তাঁকে জেলফটকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক এই তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৪ মার্চ একই আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন শহীদুল হক। কিন্তু আদালত তাঁর আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠান। তিনি মামলার ২ নম্বর আসামি ও স্থানীয় যুবদলের নেতা।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি শিবগঞ্জের কানসাটে বাস থেকে নামিয়ে নূরজাহান বেগমের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তাঁর হাত-পায়ের রগ কেটে দেওয়া হয়। তিনি এখন ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার দুদিন পর নূরজাহান বেগমের মা মারজিনা বেগম বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা করেন।