পূর্বশত্রুতার জের ধরে কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস দক্ষিণ ইউনিয়নের শিয়ালধাইর গ্রামে গতকাল শুক্রবার সকাল নয়টায় দুই পক্ষের সংঘর্ষে এক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। মামলার এজাহার ও বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম বদিউজ্জামান সূত্রে জানা গেছে, গতকাল সকাল নয়টার দিকে উপজেলার শিয়ালধাইর গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সালিস বসে। ওই সালিসে উপস্থিত ছিলেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবদুল হাই বাবলু। সালিসে আবদুল হাই বাবলু শিয়ালধাইর গ্রামের আবদুল জব্বারদের পক্ষ নেন। এতে বড় হরিপুর গ্রামের আক্তারুজ্জামানের পক্ষের লোকজন উত্তেজিত হয়ে পড়েন। তখন সালিস চলাকালীন দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। অভিযোগ রয়েছে, আবদুল জব্বারের পক্ষের লোকজন প্রথমে মনিরুজ্জামান ও পরে আক্তারুজ্জামানকে চাপাতি নিয়ে কোপায়। এতে মনিরুজ্জামানের মাথায় চারটি কোপ পড়ে। এ অবস্থায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ওই সময় ভাইস চেয়ারম্যানসহ কমপক্ষে ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। একপর্যায়ে উত্তেজিত লোকজন ভাইস চেয়ারম্যানের গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায়। তখন বরুড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে মনির হোসেন (৩২), জসিমউদ্দিন (৪২), আখতার হোসেন (৩৫) ও আবদুল জব্বারকে (৬৫) গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। একই সঙ্গে ভাইস চেয়ারম্যানকে বরুড়া থানায় এনে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বসিয়ে রাখা হয়। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এ ব্যাপারে ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলুর সঙ্গে গতকাল কমপক্ষে ২০ বার মুঠোফোনে চেষ্টা করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে এ ঘটনার জন্য আবদুল জব্বার ও আখতারুজ্জামান পরস্পরকে দায়ী করেছেন।