ভাইস চেয়ারম্যানসহ জামায়াতের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হুমায়ুন কবিরসহ দলটির ১৫ নেতা-কর্মীকে গতকাল সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলেন উপজেলা জামায়াতের আমির নুর উদ্দিন, জামায়াতের সহযোগী সংগঠন শ্রমিককল্যাণ ফেডারেশনের লক্ষ্মীপুর জেলা সভাপতি মহসিন কবির; বিভিন্ন পর্যায়ের নেতা মো. ইউছুফ, মো. নোমান শরীফ, মো. মিজানুর রহমান, মো. আবদুল আলী, মো. আবু জাহের, মো. মিজান, মো. আলাউদ্দিন, মো. আমির হোসেন, মো. আবদুর রহিম, মো. আমজাদ হোসেন, মো. নোমান উদ্দিন ও মো. বাবুল।
কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) মানিক বড়ুয়া বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা জামায়াত ও শ্রমিককল্যাণ ফেডারেশনের ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতা।
এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা জামায়াতের প্রচার বিভাগের সম্পাদক ফারুক হোসাইন দাবি করেন, ওই বাড়িতে কমলনগর উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভা চলছিল। শ্রমিককল্যাণ ফেডারেশনের জেলা সভাপতিসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারা সেখানে উপস্থিত ছিলেন। নাশকতার পরিকল্পনার অভিযোগ সঠিক নয়।
তবে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, নাশকতার পরিকল্পনা করার জন্য ৩০-৪০ জন লোক ভোর থেকে উপজেলার চরফলকন এলাকার একটি বাড়িতে গোপন বৈঠক করছিলেন। পরে সেখানে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যান।
কমলনগর থানার ওসি বলেন, ঘটনাস্থল থেকে কয়েকটি বই, কিছু প্রচারপত্রসহ পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
ওসি জানান, ওই ১৫ ব্যক্তিকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।