ভাইস চেয়ারম্যানসহ ১১ জন কারাগারে
ট্রাক ভাঙচুরের মামলায় গতকাল বুধবার আদালত নাটোর সদর উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ফয়সাল আলম ও শিবিরের জেলা শাখার সভাপতিসহ ১১ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন।
আদালত-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গত ২৩ ডিসেম্বর রাতে নাটোরের হরিশপুর মোড়ে হরতাল-অবরোধ চলাকালে ট্রাক ভাঙচুরের অভিযোগে ট্রাকচালক আশরাফুল মামলা দায়ের করেন। এ মামলায় গতকাল দুপুরে জেলা জামায়াতের সেক্রেটারি দেলোয়ার হোসেন খানসহ ১২ নেতা-কর্মী নাটোরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় তাঁরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু জেলা জামায়াতের সেক্রেটারি ও সদর উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানের জামিনের আবেদন আবার বিবেচনার আবেদন করা হয়। দ্বিতীয় দফা শুনানি শেষে আদালত শুধু দেলোয়ার হোসেন খানের জামিন মঞ্জুর করেন। জেলা শিবিরের সভাপতি আলমগীর হোসেন, সাবেক তিন সভাপতি আতিকুল ইসলাম, নাজমুল হক, আলী আল মাসুদসহ অন্যদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় হাতকড়া লাগানো নিয়ে আসামিদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। অবশেষে তাঁদের নাটোর কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
নাটোরের মুখ্য বিচারিক হাকিমের আদালতের কর্তব্যরত পুলিশের উপপরিদর্শক (এসআই) মুন্নাফ হোসেন বলেন, আসামিদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারার অভিযোগ থাকায় তাঁদের কারাগারে নেওয়া হয়েছে।