ভাইস চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার নাঙ্গল-কোট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব-লীগের যুগ্ম আহ্বায়ক আবু ইউছুফ ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে গতকাল বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা সদর এবং হামলার স্থল ঢালুয়া বাজারে এসব কর্মসূচি পালিত হয়।
ঢালুয়া বাজারের কাছে বাইপাস সড়কে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আবু তাহের। এতে বক্তব্য দেন ইউনিয়ন আ. লীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন ভূঁইয়া, খ ম জিল্লুর রহমান ও গোলাম মাওলা, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবুল বাশার প্রমুখ। বক্তারা বলেন, ঢালুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া ওরফে বাছির ও তাঁর বাহিনীর সদস্যরা ঢালুয়া বাজারের অটোরিকশা স্ট্যান্ড থেকে দীর্ঘদিন ধরে চাঁদা তুলে আসছিলেন। অটোরিকশাচালকেরা এ বিষয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফের কাছে অভিযোগ করেন। তিনি চালকদের চাঁদা দিতে নিষেধ করে দেন। আর এ কারণেই নাজমুলের লোকজন আবু ইউছুফের ওপর হামলা করেছেন।
এদিকে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে গতকাল উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে নাঙ্গলকোট পৌরবাজারে সমাবেশ করে। এতে বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ওমর ফারুক প্রমুখ। বক্তারা আবু ইউছুফের ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।