ভাইস চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার হোসেনপুর-কিশোরগঞ্জ সড়ক অবরোধ করা হয়। সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভাইস চেয়ারম্যানের অনুসারী ও কর্মী-সমর্থকেরা এই অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।অবরোধকারীরা উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেনের ওপর হামলাকারীদের শাস্তির দাবি জানান। তাঁরা বলেন, হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এ সময় পুলিশ হামলার ঘটনায় সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গত মঙ্গলবার হোসেনপুর উপজেলা পরিষদ চত্বরে ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেন সন্ত্রাসী হামলার শিকার হন। অভিযোগ উঠেছে, উপজেলা চেয়ারম্যান আবদুল কাদিরের সমর্থকেরা ভাইস চেয়ারম্যানের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার ভাইস চেয়ারম্যান হোসেনপুর থানায় লিখিত অভিযোগ করেন। উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেন বলেন, মাসিক সমন্বয় কমিটির সভায় নিয়োগসংক্রান্ত বিষয় নিয়ে উপজেলা চেয়ারম্যান আবদুল কাদিরের সঙ্গে বাগিবতণ্ডার জের ধরেই তাঁর ওপর হামলা হয়েছে। তিনি দাবি করেন, চেয়ারম্যানের নির্দেশে পরিকল্পিতভাবে তাঁর ওপর এ হামলা চালানো হয়। অভিযোগ প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান আবদুল কাদিরের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে বেশ কয়েকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া গেছে। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। হামলার বিষয়ে ভাইস চেয়ারম্যান লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে এ বিষয়ে মামলা নেওয়া হবে।