ভাইস চেয়ারম্যানের ‘সালিস-বাণিজ্য’
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সালিসের নামে লোকজনের কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তাঁর বাড়িতে প্রায় দিনই সালিস-বৈঠক বসে। তাঁর ‘আদালতে’ অপহরণকারীরাও খালাস পেয়ে যায় বলে জানা গেছে। এ নিয়ে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা ততিবিরক্ত। নাম প্রকাশ না করার শর্তে ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা-কর্মী জানান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন দলীয় ব্যানারে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এর পর থেকেই তিনি ‘সালিস বাণিজ্য’ শুরু করেন। টাকা নিয়ে তিনি অপরাধীদের আড়াল করেন বলে অভিযোগ রয়েছে। সালিসের নামে তিনি লোকজনের কাছ থেকে কয়েক লাখ টাকা জামানত নিয়েছেন বলে ভুক্তভোগীরা দাবি করেছেন। এ টাকা এখনো তাঁর কাছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার পশ্চিম সোসালিয়া সুতারবাড়ির নূরুল হক ও তছলিমের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। এ নিয়ে তাঁদের মধ্যে মারধরের ঘটনা ঘটে। তাঁরা ভাইস চেয়ারম্যানের শরণাপন্ন হলে গত ফেব্রুয়ারির দিকে তিনি উভয়ের কাছ থেকে ২০ হাজার টাকা জামানত নেন। দীর্ঘদিনের বিরোধের এখনো মীমাংসা হয়নি। এ ব্যাপারে ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বলেন, ‘জমি মাপজোকের জন্য আমিনের খরচ বাবদ ২০ হাজার টাকা জমা নেওয়া হয়েছে। ব্যস্ততার কারণে বিষয়টি এখনো সমাধান করতে পারিনি।’ সমেসপুর গ্রামের মাসুদ আলম ও হারুনুর রশিদ জানান, তাঁদের দুজনের জমি নিয়ে বিরোধ চলছে। বিষয়টি সমাধানের জন্য ভাইস চেয়ারম্যানের কাছে তাঁরা ২০ হাজার টাকা জামানত দিয়েছেন। টাকা জমা দেওয়ার পাঁচ মাসেও বিষয়টির কোনো সুরাহা হয়নি। অভিযোগ অস্বীকার করে ভাইস চেয়ারম্যান বলেন, ‘এদের (মাসুদ আলম ও হারুনুর রশিদ) আমি ভালোভাবে চিনি না।’ উপজেলা সমিতির বাজারের দোকানমালিকেরা অভিযোগ করেন, স্থানীয় সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে গত ২০ মার্চ বাজারের সাতটি দোকান বন্ধ করে দেয়। দোকানগুলো ১৫ দিন বন্ধ থাকার পর ভাইস চেয়ারম্যান বিষয়টি মীমাংসার জন্য প্রতিটি দোকান থেকে ৭৫ হাজার টাকা করে জামানত নেন। জামানত নেওয়ার কথা অস্বীকার করে রুহুল আমিন বলেন, ‘দোকানগুলো বন্ধ করার পর তা চালুর জন্য আমি বিষয়টিতে হস্তক্ষেপ করি। পরে নানা সমস্যা দেখা দেওয়ায় ওখান থেকে সরে পড়ি।’ কিন্তু দোকানমালিকেরা দাবি করেছেন, টাকাগুলো এখনো ভাইস চেয়ারম্যানের কাছে আছে। জানা গেছে, উপজেলার আলীপুর উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে গত ২ জুন সন্ত্রাসীরা অপহরণ করে। অপহরণের চার ঘণ্টা পর স্থানীয় লোকজনের সহায়তায় ছাত্রীটিকে উদ্ধার করা হয়। গত ৬ জুন ভাইস চেয়ারম্যানের বাড়িতে এ ব্যাপারে একটি সালিস বসে। বৈঠকে ভাইস চেয়ারম্যান অপহরণকারীদের ধমক দিয়ে ছেড়ে দেন। তিনি মুঠোফোনে প্রথম আলোর কাছে দাবি করেন, ‘ওই ছাত্রীর সঙ্গে ছেলের প্রেম ছিল। আমি দুই পক্ষকে নিয়ে সমঝোতা করে দেই।’ তিনি আরও বলেন, ‘আমার কাছে সালিসের জন্য মানুষ আসবেই।’ সালিসের নামে কত টাকা তাঁর কাছে জামানত আছে জানতে চাইলে তিনি বলেন, ‘৩০-৪০ হাজার টাকা জামানত আছে।’পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটোয়ারী বলেন, ‘ভাইস চেয়ারম্যানের সালিস বাণিজ্যসহ নানা অনিয়মের কথা আমরা সব সময়ই শুনছি। এসব কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।’ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপিদলীয় সাংসদ নাজিম উদ্দিন আহামেদ বলেন, ‘ক্ষমতাসীন দলের এসব জনপ্রতিনিধির অত্যাচারে মানুষজন অতিষ্ঠ হয়ে পড়েছে। তাঁদের ভয়ে কেউ মুখ খোলে না। সবার পিঠ দেয়ালে ঠেকে গেছে।’ এই সালিসের কারণে লোকজন প্রশাসনের দ্বারস্থ হতে পারে না বলে মন্তব্য করেন সাংসদ।