ভাইয়ের করা প্রতারণা মামলায় কলেজশিক্ষকের সাত বছরের কারাদণ্ড
ছোট ভাইয়ের দায়ের করা প্রতারণার মামলায় রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষক শিরিন সুফিয়াকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার সকালে রাজশাহী মহানগর যুগ্ম দায়রা জজ আদালত-১-এর বিচারক শরিফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
শিরিন সুফিয়ার স্বামীর বাড়ি মেহেরপুরে। থাকেন রাজশাহী নগরের তালাইমারী এলাকায়। শিরিন রাজশাহী নগরের নওদাপাড়ায় অবস্থিত সরকারি বরেন্দ্র কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষক। সংযুক্ত রয়েছেন রাজশাহী কলেজে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশ্বজিত বিশ্বাস বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় দুটি ধারায় শিরিন সুফিয়াকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে প্রতারণার অভিযোগে তিন ও বিশ্বাসভঙ্গের দায়ে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। শিরিন সুফিয়ার স্বামী আলতাব হোসেন মারা যাওয়ায় তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে মা আহাদুন নেছা ও ভাই ওবাইদুল মুক্তাদিরের নামে দায়ের করা শিরিন সুফিয়ার মামলা খারিজ করে দিয়েছেন আদালত।
মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা গেছে, ওবাইদুল ও শিরিন একই বাড়িতে থাকতেন। তাঁদের বাবার পেনশনের টাকা যে হিসাব নম্বরে জমা হতো, সেটি তাঁদের মা পরিচালনা করতেন। কিন্তু মা অসুস্থ হয়ে যাওয়ায় মা ও ভাই ওবাইদুলের যৌথ স্বাক্ষরে টাকা উঠত। মা ও ওবাইদুলের স্বাক্ষরিত চেকবই শিরিনের কাছেই থাকত। তাঁদের সম্পর্কের অবনতি হলে শিরিন চেকবই থেকে দুটি পাতা কেটে রেখে বইটি দিয়ে দেন। দুটি চেকের পাতার জন্য ওবাইদুর ২০১০ সালে রাজশাহী নগরের বোয়ালিয়া থানায় চার কোটি টাকার চেক জালিয়াতির অভিযোগ এনে সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর শিরিন সুফিয়া টাকা তোলার জন্য ব্যাংকে চেক দুটি জমা দিলে ব্যাংক থেকে চেক দুটি আটকে দেওয়া হয়। ওই দিনই চেক চুরির জিডিটি মামলা হিসেবে রেকর্ড করে পুলিশ। শিরিন সুফিয়ার বাড়িতে অভিযান চালিয়ে স্বামীসহ তাঁকে আটক করে। পরে তাঁরা জামিন নিয়ে ওই চেকের বিপরীতে চার কোটি টাকা বাবাকে ধার দিয়েছিলেন বলে সে টাকা দাবি করে মা আহাদুন নেছা ও ভাই ওবাইদুল মুক্তাদিরের বিরুদ্ধে পাল্টা মামলা করেন।