ভাইয়ের খোঁজে বোনের অপেক্ষা

গাজীপুরের টঙ্গীতে বিস্ফোরণ থেকে আগুন লাগা টাম্পাকো কারখানায় চলছে উদ্ধারকাজ। তার পাশে আজ সোমবার সকাল থেকে ভাইয়ের ছবি বুকে ঝুলিয়ে দাঁড়িয়ে আছেন বোন। নাম তানিয়া আক্তার। তিনি ঢাকার মানারাত বিশ্ববিদ্যালয়ের এমবিএর ছাত্রী। অপেক্ষায় আছেন ভাইয়ের খোঁজ পাওয়ার।
তানিয়া বললেন, ‘আমার মুরাদ ভাই কোথায়? তাঁকে আপনারা খুঁজে দেন। তিন ধরে আমি আমার ভাইকে দেখি না।’
তানিয়ার ভাই রিয়াদ হোসেন মুরাদ ওই কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন। তাঁদের বাড়ি গাজীপুরের টঙ্গীর আরিচপুর এলাকায়। তিন ভাই ও এক বোনের মধ্যে মুরাদ হোসেন মেজ।
তানিয়া আক্তার বলেন, গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে ভাই ভাত খেয়ে বাসা থেকে বের হন। রাতে আর কারও সঙ্গে কথা হয়নি। পরের দিন শনিবার সকালে দুর্ঘটনার খবর পেয়ে তাঁর সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। ফোনটি তখন থেকেই বন্ধ।
তানিয়ার মতো আরও অনেকেই ঘটনাস্থলে এসেছেন তাঁর স্বজনদের খোঁজে। স্বজনদের খোঁজ না পেলে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষে নিখোঁজদের তালিকায় নাম লেখাচ্ছেন।