ভাইয়ের চক্রান্তের শিকার হয়ে কারাগারে বিএনএস চেয়ারম্যান, দাবি পরিবারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ পাচার মামলায় কারাগারে আটক বিএনএস গ্রুপের চেয়ারম্যান এম এন এইচ বুলু তাঁর ভাই আমির হোসেনের চক্রান্তের শিকার বলে দাবি করেন তাঁর স্ত্রী হোসনে আরা ও মেয়ে নুসরাত লায়লা। আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আয়োজন করে এসব কথা বলেন তাঁরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বুলুর স্ত্রী হোসনে আরা বলেন, ‘আমির ফুড’ নামের একটি প্রতিষ্ঠানের রপ্তানির বিপরীতে সরকারি প্রণোদনার অর্থ আত্মসাতের অভিযোগে ২০১৫ সালের ৪ মার্চ বনানী থানায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড কর্তৃক একটি মামলা হয়। যেখানে মামলার প্রধান আসামি আমির হোসেনের ব্যাংক হিসাবের নমিনি দেখিয়ে বুলুকে তৃতীয় আসামি হিসেবে উল্লেখ করা হয়। কিন্তু ব্যাংক হিসাবের নমিনি ফরমে বুলুর কোনো স্বাক্ষর নেই। বুলুর ভাই আমির হোসেন তাঁর (বুলুর) অজান্তে এসব কার্যকলাপ চালিয়েছেন।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের দালিলিক কাগজপত্র যাচাই–বাছাই করে বুলুর নাম এজাহার হতে বাতিল করার জন্য ২০১৭ সালের ২২ জানুয়ারি একটি সার্টিফিকেট ইস্যু করে বনানী থানায় অবহিত করেছিলেন বলে উল্লেখ করেন হোসনে আরা। আমির ফুডের সঙ্গে বুলুর কোনো প্রকার সম্পৃক্ততা নেই এবং ব্যাংকে তাঁর বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ বা দাবিদাওয়া নেই, এই মর্মে বনানী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল।

হোসনে আরা বলেন, বর্তমানে বুলু শারীরিকভাবে অসুস্থ। গত ৬ ডিসেম্বর হার্ট অ্যাটাক করার কারণে তাঁকে জেলহাজত থেকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয়েছিল। পরবর্তী সময় শারীরিক অবস্থার অবনতি হলে গত ২২ জানুয়ারি কারা কর্তৃপক্ষ আবারও তাঁকে হাসপাতালে পাঠায়।

হোসনে আরা বলেন, বুলু দীর্ঘদিন জেলহাজতে আটকে থাকার কারণে বিএনএস গ্রুপের প্রধান কার্যালয় ও এর অঙ্গপ্রতিষ্ঠানগুলো বন্ধের উপক্রম হয়েছে। প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা, কর্মচারী ও শত শত শ্রমিক প্রায় তিন মাস ধরে বেতন-ভাতা না পাওয়ায় পরিবার–পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

বুলুর মেয়ে নুসরাত লায়লা বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা গণমাধ্যমের মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই। প্রধানমন্ত্রী যেন বিষয়টি সহজভাবে দেখে প্রশ্রয় দেন।’
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বুলু কারাগার থেকে বের হয়ে এলে আমির হোসেনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।

অর্থ পাচারের অভিযোগে ২০২০ সালের আগস্টে এম এন এইচ বুলুর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে পুলিশ। ওই মামলা তদন্ত করে বুলুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ওই অভিযোগপত্র আমলে নিয়ে আদালত পলাতক বুলুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে গত বছরের ১৬ নভেম্বর বুলু আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। সেদিন আদালত বুলুর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মামলায় বুলুর বিরুদ্ধে ১২ লাখ টাকা পাচারের অভিযোগ আনা হয়েছে।