ভাইয়ের চোখ উপড়ানোর চেষ্টা অপর ভাইদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের শরণখোলা উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দেলোয়ার হোসেন খান (৪০) নামের এক ব্যক্তির ডান চোখ উপড়ে ফেলার চেষ্টা করেছেন তাঁর ভাই ও ভাইয়ের ছেলেরা। গতকাল শুক্রবার সকাল আটটার দিকে উপজেলার রায়েন্দা ইউনিয়নের রাজেশ্বর গ্রামে এ ঘটনার সময় দেলোয়ারের মাথায় দা দিয়ে আঘাত ও মারপিটও করা হয়।দেলোয়ারকে প্রথমে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাসেল আহমেদ প্রথম আলোকে জানান, ‘দেলোয়ারের মাথায় ধারালো অস্ত্রের তিনটি আঘাত ছিল এবং তাঁর ডান চোখের মাংসপেশিগুলো বের হয়ে ছিল। প্রাথমিকভাবে আমাদের ধারণা, তাঁর চোখ উপড়ে নেওয়া হয়েছে।’ তিনি জানান, গুরুতর অবস্থা থাকায় দেলোয়ারের দুই চোখে ব্যান্ডেজ দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দেলোয়ার শরণখোলার লাকুড়তলা গ্রামের বাসিন্দা। উত্তরাধিকারসূত্রে পাওয়া জমিজমা নিয়ে তাঁর সঙ্গে অপর চার ভাই আবদুল মান্নান খান (৫০), রুহুল আমিন খান (৪৬), আনোয়ার হোসেন খান (৪২) ও ইলিয়াস হোসেন খানের (৩৭) দীর্ঘদিনের বিরোধ রয়েছে।গতকাল বেলা ১১টার দিকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খুলনায় নেওয়ার আগে দেলোয়ার সাংবাদিকদের জানান, জমিসংক্রান্ত বিরোধের কারণে তিনি বিভিন্ন সময়ে তাঁর ভাইদের বিরুদ্ধে অন্তত কুড়িটি মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গতকাল সকাল সাতটার দিকে তিনি তাঁর জমিতে লোক লাগিয়ে ধান কাটা শুরু করেন। এ সময় তাঁর মেজো ভাই রুহুল আমিন ধান কাটা বন্ধ রেখে অন্য ভাইদের সঙ্গে বৈঠক করতে তাঁকে বাড়ি যেতে বলেন। সকাল আটটার দিকে দেলোয়ার রাজেশ্বর গ্রামে রুহুলের বাড়িতে পৌঁছালে সেখানে রুহুলসহ আগে থেকে অপেক্ষা করা অপর দুই ভাই আনোয়ার ও মান্নান এবং তাঁদের চার ছেলে মিলে তাঁকে (দেলোয়ার) এলোপাতাড়ি মারধর করেন। তাঁরা দেলোয়ারের মাথায় দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন এবং ডান চোখ উপড়ে ফেলার চেষ্টা করেন। পরে আশপাশের লোকজন এসে দেলোয়ারকে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।গতকাল দুপুরে রাজেশ্বর গ্রামে গিয়ে দেলোয়ারের ভাই মান্নান, রুহুল, আনোয়ার ও ইলিয়াসকে পাওয়া যায়নি। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ভাইদের হাতে দেলোয়ার জখম হয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে গিয়ে কাউকে পায়নি। এ ঘটনায় থানায় কোনো মামলাও হয়নি।