ভাইয়ের দাফনে এসে লাশ হয়ে ফিরলেন বোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছিলেন ছোট বোন মোর্শেদা বেগম (৪৫) ও তাঁর ছেলে ইছা হাওলাদার (১৫)। মৃত্যু-পরবর্তী আনুষ্ঠানিকতা শেষে ঢাকা ফেরার পথে গত শনিবার সন্ধ্যায় পিরোজপুরের নলছিটি উপজেলার খয়রাবাদ সেতু এলাকায় দুর্ঘটনায় মারা যান ওই মা ও ছেলে।একই সঙ্গে এ ঘটনায় মারা গেছে মোর্শেদা বেগমের বোনের ছেলে সাইফুল ইসলাম (১৫)। তাঁদের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের উত্তর বদরপুর গ্রামে।মোর্শেদা বেগমের ভাই আলী হাসান জানান, তাঁদের বড় ভাই আবদুল খলিল বার্ধক্যজনিত কারণে গ্রামের বাড়িতে মারা যান। ওই সংবাদ শুনে ঢাকা থেকে মোর্শেদা বেগম তাঁর ছেলেকে নিয়ে বাড়ি আসেন। গত শুক্রবার মিলাদ শেষে শনিবার তাঁরা ঢাকার উদ্দেশে যাত্রা করেন। সঙ্গে তাঁর আরেক বোনের ছেলে সাইফুল ইসলামও যাচ্ছিল। সন্ধ্যায় বরিশালের কাছাকাছি খয়রাবাদ সেতু এলাকায় পৌঁছালে মহাসড়কের ওপর নির্মিত তোরণের সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় তাঁরা তিনজনই মারা যান।স্থানীয় ব্যক্তিরা জানান, বরিশালে বেগম খালেদা জিয়ার সমাবেশ সফল করতে বিএনপি মহাসড়কের বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করে। সড়কের মাঝখানে তোরণের খুঁটির সঙ্গে ধাক্কায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ওই তিন যাত্রী নিহত ও অপর ৩৬ জন আহত হন। আহত ব্যক্তিদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।