ভাইয়ের দু্ই শতাধিক মেহগনি গাছ কেটে ফেললেন ভাই
মাগুরা সদর উপজেলার বলুক গ্রামে পৈতৃক জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাই ছোট ভাইয়ের দুই শতাধিক মেহগনি গাছের চারা কেটে ফেলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় ছোট ভাই আসাদ মোল্লা বাদী হয়ে গতকাল রোববার বাদশা মোল্লা (৫৫), ভাতিজা মো. পান্নু (৩০), রাজিব হোসেন (১৭) ও রাজু আহমদের (১৫) বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা করেন। সদর থানার উপপরিদর্শক জাবিদ হাসান জানান, ওই গ্রামের ধলা মিয়ার দুই ছেলের মধ্যে বাড়ির পৈতৃক জমির ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে গত শুক্রবার সকালে দুই ভাইয়ের পরিবারের লোকজনের মধ্যে মারামারি হয়। এতে আসাদ মোল্লার স্ত্রী সাবিনা খাতুন গুরুতর জখম হন। তাঁকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর রাতে বাদশা মোল্লা ছোট ভাইয়ের জমির দুই শতাধিক মেহগনি গাছ কেটে ফেলেন। গত বর্ষায় ওই গাছগুলো লাগানো হয়।এ ব্যাপারে বাদশা মোল্লার সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর স্ত্রী আর্জিনা খাতুন গাছ কাটার কথা অস্বীকার করেন।