ভাইয়ের পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ে কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতিতে প্রবাসী বড় ভাইয়ের পরিবর্তে পরীক্ষা দিতে গিয়ে ছোট ভাই গ্রেপ্তার হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালতে এক হাজার টাকা জরিমানাসহ তাঁকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রামগতির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম অজিত দেব ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা সদরের চর আলেকজান্ডার কামিল মাদ্রাসাকেন্দ্রে গতকাল সোমবার সকালে ফাজিল তৃতীয় বর্ষের ইসলামের ইতিহাস (দ্বিতীয় পত্র) বিষয়ের পরীক্ষা চলার সময় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত পরীক্ষার্থীর নাম দেলোয়ার হোসেন। তিনি রামগতি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চর সেকান্দর এলাকার আবুল কালামের ছেলে। তিনি ওই মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী।

নির্বাহী হাকিম অজিত দেব বলেন, দেলোয়ার হোসেন তাঁর সৌদি আরবপ্রবাসী বড় ভাই মো. আনোয়ার হোসেনের পরিবর্তে ফাজিল তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিচ্ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সকালে  তাঁকে গ্রেপ্তার করা হয়।  পরে ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করায় পাবলিক পরীক্ষা অপরাধ আইনে এক হাজার টাকা জরিমানাসহ তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।­

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, গতকাল বিকেলেই দেলোয়ার হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।