ভাইয়ের প্রতিবন্ধী স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট ভাইয়ের বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী স্ত্রী শিল্পী আকতারকে হত্যার দায়ে শরীফ নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান এই হত্যা মামলার রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার আগে কারাগারে আটক এ মামলার একমাত্র আসামি শরীফকে আদালতে হাজির করা হয়।
রায়ের পর্যবেক্ষণে বলা হয়, নিহত শিল্পী আকতার বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী। এই হত্যার প্রত্যক্ষ সাক্ষী হচ্ছেন নিহত শিল্পীর বোন শিলা আকতার (শরীফের স্ত্রী) ও মেয়ে তানিয়া। শিলা নিজেও প্রতিবন্ধী। তাঁকেও হত্যার চেষ্টা করা হয়। আসামি শরীফ আদালতে জবানবন্দি দিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। জবানবন্দিতে বলেছেন, তিনি স্ত্রী শিলাকে হত্যার পরিকল্পনা করেন। কিন্তু ঘটনার দিন তাঁর স্ত্রী, ভাইয়ের স্ত্রী ও মেয়ে তানিয়া এক ঘরে ঘুমিয়ে ছিলেন। তিনি ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে শিল্পী মারা যান, শিলা ও তানিয়া বেঁচে যান। মামলার তদন্তে গাফিলতি রয়েছে। কিন্তু আসামির স্বীকারোক্তি এবং শিলার সাক্ষ্যকে সন্দেহ করার সুযোগ নেই বলে আদালত মনে করেন। এই মামলায় আসামির বিরুদ্ধে ১৪ জন সাক্ষী উপস্থাপন করা হয়েছে। আসামির প্রতি অনুকম্পা দেখানোর সুযোগ নেই। তাই আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হলো।