ভাইয়ের বিরুদ্ধে লড়ছেন ভাই
পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আপন দুই ভাই প্রার্থী হয়েছেন। তাঁদের একজন হলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আল আমিন সরদার। অন্যজন উপজেলা যুবলীগের সদস্য আবদুস সালাম সরদার। ভাইদের মধ্যে মো. আল আমিন সরদার সেজ। আবদুস সালাম সরদার সবার বড়।
মো. আল আমিন সরদারকে উপজেলা আওয়ামী লীগ সমর্থন দিয়ে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী করেছে। দলের সমর্থন না পেয়ে উপজেলা যুবলীগের সদস্য আবদুস সালাম সরদার ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন। ইতিমধ্যে দুজনেই ভোটারদের সমর্থন পেতে ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ শুরু করেছেন। বিশেষ করে নিজেদের আত্মীয়স্বজনের সমর্থন নিতেও দুই ভাই চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
মো. আল আমিন সরদার বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে দল করি। দলের পেছনে আমার শ্রম আছে, ত্যাগ আছে। আমার ভাইও একই দলের সঙ্গে জড়িত। দল সিদ্ধান্ত দিয়ে আমাকে প্রার্থী করেছে, ভাইয়ের উচিত দলের প্রতি আনুগত্য দেখিয়ে আমার প্রার্থিতা মেনে নিয়ে কাজ করা।’
আবদুস সালাম সরদার বলেন, ‘আমরা প্রথমে পারিবারিকভাবে বসেছিলাম। ছোট ভাইকে বলেছিলাম আমাকে সমর্থন দিতে, সে দেয়নি। ও পরিবারের সিদ্ধান্ত মানতে রাজি নয়। তা ছাড়া আমিও তো দল করি। আমি দলের সমর্থন পাইনি, কিন্তু আমার সমর্থকদের চাপে পড়ে আমাকেও নির্বাচন করতে হচ্ছে।’
তাঁদের বাবা আনসার উদ্দিন সরদার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এখন ছেলে দুজনই আমার। যেহেতু রাজনীতি করি, তাই দলের সিদ্ধান্ত মেনে আমি দল-সমর্থিত প্রার্থী হিসেবে আমার সেজ ছেলে আল আমিনের পক্ষে নেমেছি।’