ভাইয়ের বিয়ের বাজার করতে গিয়ে লাশ হলেন দুই ভাই
ছোট ভাইয়ের বিয়ের বাজার করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বড় দুই ভাই। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে গোপালগঞ্জে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ইমারত হোসেন (৩৫) ও বেলায়েত হোসেন (৩০)। তাঁদের গ্রামের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বাসুদেবপুরে।
নিহতের পরিবারের লোকজন ও প্রত্যক্ষদর্শীরা বলেন, ইমারত ও বেলায়েতের ছোট ভাই হেমায়েত হোসেনের বিয়ের আনুষ্ঠান আগামী রোববার হওয়ার কথা রয়েছে। ভাইয়ের বিয়ের বাজার করতে বড় দুই ভাই নিজ এলাকা থেকে একটি নছিমনে চড়ে মাদারীপুরের টেকেরহাট বন্দরে যাচ্ছিলেন। ঢাকা-বরিশাল মহাসড়কে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী এলাকায় পৌঁছালে মাদারীপুরগামী চন্দ্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে নছিমনকে ধাক্কা দেয়। এতে নছিমনের যাত্রী ইমারত ও বেলায়েত নিহত হন। নছিমন চালক ইসরাফিল (২৫) এবং যাত্রী মারুফ (১৬) ও ইব্রাহিম (২৮) আহত হন। আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার সাংবাদিকদের বলেন, ঘটনার পর বাস নিয়ে চালক পালিয়ে গেছেন। দুটি লাশ ফরিদপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।