ভাইয়ের মৃত্যুদণ্ড বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক-রাজনীতিক জি এম গাউস হত্যা মামলায় তাঁর ভাই মো. আশরাফউদ্দিনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আমিনুর রহমান চৌধুরী। পরে তিনি প্রথম আলোকে বলেন, অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় হাইকোর্ট মুক্তিযোদ্ধা জি এম গাউস হত্যা মামলায় তাঁর ভাই মো. আশরাফউদ্দিনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আদালত আসামির আপিল ও জেল আপিল খারিজ করে মৃত্যুদণ্ড নিশ্চিতকরণের অনুমোদন দিয়েছেন।জানা যায়, ২০০৪ সালের ২৪ জুলাই জি এম গাউস খুন হন। ওই দিন তাঁর স্ত্রী ফিরোজা বেগম এ ব্যাপারে মতিঝিল থানায় হত্যা মামলা করেন। ২০০৫ সালে আশরাফউদ্দিন গ্রেপ্তার হন। ২০০৬ সালের ২১ নভেম্বর নিম্ন আদালত এ মামলার একমাত্র আসামি আশরাফউদ্দিনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই রায়ের বিরুদ্ধে কারাবন্দী আসামি হাইকোর্টে জেল আপিল ও আপিল করেন। এ ছাড়া নিয়ম অনুসারে মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের অনুমতির বিষয়টিও হাইকোর্টে আসে। এসব আবেদনের শুনানি ৮ অক্টোবর শেষ হয়। আদালত গত বুধবার রায় দেওয়া শুরু করে গতকাল শেষ করেন।