ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে...
ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে হৃদ্রোগে আক্রান্ত হলেন বোন। তাঁকে নেওয়া হলো হাসপাতালে। সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি।
আজ রোববার সকালে ফরিদপুরে এই করুণ ঘটনা ঘটে। মৃত বোনের নাম ছিয়ারন নেছা (৭০)। তিনি আলফাডাঙ্গা পৌরসভার বাকাইল মহল্লার বাসিন্দা।
ছিয়ারন নেছার ভাগনে ঢাকা জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক তৈয়বুর রহমান প্রথম আলোকে বলেন, ফরিদপুর জেলা সমবায় কার্যালয়ের সাবেক উপসহকারী নিবন্ধক মাহবুব উর রহমান (৫৯) আজ সকাল সাড়ে আটটার দিকে ফরিদপুর শহরের নিজ বাসায় মারা যান। তাঁর মৃত্যুর খবর শোনামাত্রই বড় বোন ছিয়ারন নেছা অসুস্থ হয়ে পড়েন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ছিয়ারন নেছার বড় ছেলে মাসুদুর রহমান বলেন, ‘মায়ের ইচ্ছে অনুযায়ী রোববার সন্ধ্যায় আমার নানা বাড়ি গোপালপুর ইউনিয়নের কুচিয়া গ্রামে নানার কবরের পাশে তাঁকে দাফন করা হয়। একই কবরস্থানে মামা মাহবুব উর রহমানকেও দাফন করা হয়।