ভাইয়ের লাঠির আঘাতে মৃত্যু
নওগাঁর সাপাহার উপজেলায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে আবদুল কাদের (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।গত মঙ্গলবার সন্ধ্যায় সদর ইউনিয়নের পশ্চিম সাহাবাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত আবদুল কাদেরের ছেলে আবদুল মতিন বাদী হয়ে গতকাল বুধবার সকালে মামলা করেছেন। মামলার প্রধান আসামি নিহত কাদেরের ছোট ভাই আবদুল খালেক পলাতক রয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, জমি নিয়ে দুই ভাই আবদুল কাদের ও আবদুল খালেকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে দুই ভাইয়ের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে আবদুল খালেক লাঠি দিয়ে আবদুল কাদেরকে আঘাত করেন। ঘটনাস্থলেই কাদের মারা যান। কাদেরকে বাঁচাতে তাঁর বড় ছেলে ফিরোজ ঘটনাস্থলে ছুটে গেলে তাঁকেও পিটিয়ে আহত করা হয়। সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর ইসলাম জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।