ভাইয়ের শোকে বোনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ভাইয়ের লাশ উদ্ধারের খবর শুনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে বড় বোন শান্তি খাতুনের (২৬) মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকেল চারটার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের মাঠ থেকে আজম আলী (২২) নামের ওই তরুণের মাটিচাপা লাশ উদ্ধার করে পুলিশ।
আজম ও শান্তি উপজেলার আড়িয়া গ্রামের মৃত এজের আলীর সন্তান। গতকাল শনিবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে আজমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
আজমের মামা আবদুল হান্নান জানান, আজম সবার আদরের ছিল। শুক্রবার তার লাশ উদ্ধারের খবরে পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ভাইয়ের মৃত্যুর ঘটনায় শোকাগ্রস্ত শান্তি খাতুন দুপুর ১২টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।