ভাইয়ের সনদে চাকরি ২৬ বছর!
কুমিল্লা শিক্ষা বোর্ডের হিসাব জমা শাখার এক কর্মচারীর বিরুদ্ধে বড় ভাইয়ের সনদ দিয়ে চাকরি করার অভিযোগ পাওয়া গেছে। ২৬ বছর ধরে ওই কর্মচারী তাঁর বড় ভাই মো. ইকবাল হোসেনের এসএসসির সনদ ব্যবহার করে ওই নামেই দিব্যি চাকরি করে আসছেন। অভিযুক্ত কর্মচারীর প্রকৃত নাম মো. হারুন অর রশিদ। এ ব্যাপারে বড় ভাই ইকবাল হোসেন নিজেই বোর্ড অফিসে অভিযোগ করেন। উদ্ভূত পরিস্থিতিতে ২০০৭ সালে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি অভিযোগের সত্যতা নিশ্চিত করে প্রতিবেদন দিলেও তৎকালীন চেয়ারম্যান ও সিবিএ নেতারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি বিষয়টি নিয়ে বোর্ডের বর্তমান চেয়ারম্যানের কাছে আবারও অভিযোগ আসে।বোর্ডের বর্তমান চেয়ারম্যান কুণ্ডু গোপীদাস প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে আগে একটি তদন্ত কমিটি হয়েছে। তদন্ত কমিটি এর সত্যতাও পেয়েছে। কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় এখন নতুন করে আবারও অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ১৯৮৪ সালের ১৩ ডিসেম্বর মো. হারুন অর রশিদ নিজের নাম গোপন করে বড় ভাই মো. ইকবাল হোসেনের নাম ও এসএসসির সনদ ব্যবহার করে বোর্ডের কর্মচারী পদে যোগদান করেন। ২০০৭ সালের ১৫ মার্চ বড় ভাই প্রবাসী মো. ইকবাল হোসেন বোর্ডের চেয়ারম্যানের কাছে এ বিষয়ে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই দিনই বোর্ডের তৎকালীন চেয়ারম্যান মো. আতিকুর রহমান তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটির সদস্যরা ছিলেন কুমিল্লা সরকারি মহিলা কলেজের শিক্ষক মো. আবদুল গফুর, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের মো. আবু জাফর খান ও কুমিল্লা সরকারি কলেজের মো. আবদুছ সালাম। তদন্ত কমিটির সদস্য ও কুমিল্লা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক মো. আবদুছ সালাম বলেন, ‘২০০৮ সালের ১৩ জুলাই আমরা তদন্ত প্রতিবেদন দাখিল করি। এতে বোর্ডে কর্মরত মো. ইকবাল হোসেন যে আসল ইকবাল হোসেন নয়, সেটা প্রমাণিত হয়েছে। এরপর বোর্ড কী ব্যবস্থা নিল তা আমরা জানি না।’কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান (বর্তমানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে ওএসডি) মো. আতিকুর রহমান বলেন, ‘ওই কর্মচারীর বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত হয়েছে। তদন্ত প্রতিবেদনে সনদ জালিয়াতি এবং নাম গোপন করার বিষয়টি ধরা পড়ে। এরপর কী করেছি তা মনে করতে পারছি না।’ টাকা নেওয়ার বিষয়টি তিনি ভিত্তিহীন বলে দাবি করেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, এ প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করেননি।শিক্ষা বোর্ডের হিসাব জমা শাখায় কর্মরত মো. ইকবাল হোসেন (প্রকৃত নাম মো. হারুন অর রশিদ) বলেন, ‘এটা মিথ্যা অভিযোগ। আগের চেয়ারম্যান বিষয়টি ঠিকঠাক করে দিয়েছেন। আমি কাউকে টাকা দিইনি।’ কুমিল্লা শিক্ষা বোর্ড কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও উচ্চমান সহকারী আবু তাহের বলেন, ‘ওই সময়ে তাঁর বিরুদ্ধে তদন্ত করা হয়েছে। যতটুকু মনে পড়ে বিষয়টির সুরাহা হয়নি। কোনো ধরনের লেনদেনের সঙ্গে আমি জড়িত ছিলাম না।’কুমিল্লা শিক্ষা বোর্ডের বর্তমান চেয়ারম্যান কুণ্ডু গোপীদাস আরও বলেন, ‘কয়েক দিন থেকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য নানা মহল থেকে অভিযোগ উঠেছে। যেহেতু আমার সময়ের ঘটনা না, সেহেতু বিষয়টি খুঁজে বের করা হবে।’