ভাইয়ের হাতে বোন খুন
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী গ্রামে গতকাল সোমবার কথা-কাটাকাটির একপর্যায়ে নিজ বাড়িতে অন্তঃসত্ত্বা বোনকে ছুরিকাঘাত করে খুন করেছেন ভাই। নিহতের নাম ফারজানা আক্তার (২২)। পুলিশ অভিযুক্ত জহিরুল হককে (৩২) আটক করেছে। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা জানান, গত বছরের ১৩ জানুয়ারি একই গ্রামের আসাদুজ্জামান আজাদের সঙ্গে ফারজানার বিয়ে হয়। বিয়ের আগে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু বোনের এ বিয়ে মেনে নিতে পারেনি বড় ভাই জহিরুল হক। এ নিয়ে ছেলের পরিবারের সঙ্গে প্রায়ই বাগিবতণ্ডায় জড়িয়ে পড়তেন জহিরুল। প্রতিবেশীদের ভাষ্যমতে, গতকাল সকালে আজাদের সঙ্গে বিয়ে নিয়ে বোনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন জহিরুল। একপর্যায়ে বোনের ঘরে গিয়ে দরজা বন্ধ করে উপর্যুপরি ছুরিকাঘাতে তাঁকে খুন করেন। পরে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা জহিরুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান জানান, খুনের দায়ে অভিযুক্ত জহিরুল হককে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে।