ভাইয়ের হাতে ভাই ও অটোরিকশাচালক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় মো. রতন (৩০) নামের এক তরুণকে তাঁর ছোট ভাই কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কালীগঞ্জ পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ সদর উপজেলায় আবদুল আজিজ (৪২) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। গতকাল সকালে পুলিশ সিদ্ধিরগঞ্জের একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে কালীগঞ্জ পূর্বপাড়া এলাকার বাসিন্দা মো. ইব্রাহিম মিয়ার সঙ্গে তাঁর ছেলে মো. রতনের সম্পত্তির ভাগাভাগি নিয়ে কথা-কাটাকাটি হয়। দুপুরে একই প্রসঙ্গে ছোট ভাই রনির সঙ্গে রতনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি কাঁচি দিয়ে রতনের শরীরের বিভিন্ন অংশ কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই রতন মারা যান।
স্থানীয় বাসিন্দারা বলেন, সম্পত্তির ভাগাভাগি নিয়ে ইব্রাহিম মিয়ার ছেলেদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সম্পত্তির কারণেই রতনের ভাই তাঁকে খুন করেছে।
তবে রতনের মা সালমা বেগম বলেন, রতন মানসিক রোগী ছিলেন। তিনি টাকাপয়সা নিয়ে প্রায়ই তাঁদের চাপ দিতেন। তবে রতন কীভাবে খুন হয়েছেন, জানতে চাইলে তিনি কিছু জানেন না বলে জানান। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হানিফ সরকার বলেন, আট ভাইবোনের মধ্যে রতন ছিলেন পঞ্চম। তিনি সদরঘাটের একটি দোকানে সেলসম্যানের কাজ করতেন। পারিবারিক কলহের জের ধরে রতনের ছোট ভাই রনি তাঁকে কাঁচি দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
নিহত আবদুল আজিজের পরিবারের সদস্যদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, সোমবার রাত ১১টার দিকে মুঠোফোনে কল আসার পর সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার বাড়ি থেকে আবদুল আজিজ বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। তাঁর মুঠোফোনের সংযোগও বন্ধ পাওয়া যায়। গতকাল সকালে মিজমিজি পাকাপুল এলাকার একটি ডোবায় তাঁর লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
ওসি বলেন, দুর্বৃত্তরা আবদুল আজিজকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আবদুল আজিজ পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন বলে এলাকাবাসী জানিয়েছেন।