ভাইয়ের হাতে ভাই খুন!
পারিবারিক কলহের জের ধরে ফরিদপুরের মধুখালী উপজেলায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে মেজো ভাই খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে সদর ইউনিয়নের পিলখানা গ্রামে এ ঘটনা ঘটে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ওই গ্রামের আজিজ মল্লিকের মেজো ছেলে ফারুক মল্লিকের স্ত্রীর সঙ্গে তাঁর ছোট ভাই অনিক মল্লিকের স্ত্রী রুমার ঝগড়া হয়। ওই ঘটনার জের ধরে গতকাল সকালে ফারুকের সঙ্গে ছোট ভাই অনিকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অনিক উত্তেজিত হয়ে তাঁর হাতে থাকা ধারালো ছুরি দিয়ে ফারুকের বুকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই ফারুকের মৃত্যু হয়।গতকাল বিকেলে মধুখালী থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, ঘটনার পর থেকে অনিক পলাতক। পুলিশ তাঁর স্ত্রী রুমাকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় নিহত ফারুকের স্ত্রী বিলকিস বেগম বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।