ভাইয়ের হাতে ভাই খুন
কক্সবাজারের উখিয়ায় তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে আহত নজির আহমদ (৩৫) মারা গেছেন। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। থানা ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা গ্রামের মৃত ফয়েজুর রহমানের ছেলে ফরিদ আলমের সঙ্গে শুক্রবার রাতে ছোট ভাই নজির আহমদের বাগিবতণ্ডা হয়। বসতভিটার একটি বাঁশ কাটা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগিবতণ্ডার একপর্যায়ে রাত ১০টার দিকে বড় ভাই ফরিদ ক্ষুব্ধ হয়ে নজিরের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত নজিরকে কক্সবাজার ফুয়াদ আল-খতীব হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলা হয়। সেখানে নেওয়ার পথে রাত একটার দিকে নজির মারা যান। উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাফর আলম জানান, লাশ উদ্ধার করে গতকাল শনিবার দুপুরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত নজিরের স্ত্রী জেসমিন আক্তার বাদী হয়ে ভাশুর ফরিদ আলমকে আসামি করে উখিয়া থানায় হত্যা মামলা করেছেন।