চট্টগ্রামের মিরসরাইয়ের হিঙ্গুলী ইউনিয়নের দক্ষিণ আজমনগর গ্রামে বড় ভাই তোফাজ্জল হোসেন ওরফে ভুট্টুর লাঠির আঘাতে প্রাণ হারিয়েছেন ছোট ভাই সাদ্দাম হোসেন (১৮)।গত শুক্রবার গভীর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় সাদ্দাম মারা যান। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে দেবর সাদ্দাম ও বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে ঝগড়ার জের ধরে বড় ভাই ভুট্টু সাদ্দামের মাথায় আঘাত করেন। নিহত সাদ্দাম মৃত কামাল উদ্দিন ড্রাইভারের ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেল থেকে তুচ্ছ ঘটনা নিয়ে ভুট্টুর স্ত্রীর সঙ্গে দেবর সাদ্দামের ঝগড়া বাধে। মাঠ থেকে কাজ সেরে বাড়ি এসে দেবর-ভাবির ঝগড়া দেখে উত্তেজিত হন ভুট্টু। একপর্যায়ে ভুট্টুর হাতে থাকা লাঠি দিয়ে সাদ্দামের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে প্রথমে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।স্থানীয় ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের চেয়ারম্যান মো. ইফতিখার উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এখনো লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছে। ময়নাতদন্ত শেষে লাশ বাড়িতে আনা হবে। তিনি জানান, সাদ্দামের পরিবার খুনের বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল।মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমতিয়াজ উদ্দীন ভূঁইয়া জানান, ঘটনাটি নিহত সাদ্দামের পরিবার থেকে থানায় জানানো হয়নি। মেডিকেলে মারা যাওয়ার কারণে লাশের ময়নাতদন্তের বিষয়টি সামনে চলে আসে। কিন্তু তাঁর পরিবারের সদস্যরা বিষয়টি ধামাচাপা দিতে ময়নাতদন্ত করাতে রাজি হয়নি। তারা ময়নাতদন্ত ছাড়াই সাদ্দামকে দাফনের অনুমতি চাইলে আবেদনটি মিরসরাই থানায় তদন্তের জন্য পাঠানো হয়। থানার তদন্তে বেরিয়ে আসে, আঘাত করায় সাদ্দাম মারা যান।