ভাইয়ের হাতে ভাই খুন
খাগড়াছড়ির দীঘিনালায় মাদকের কারণে বড় ভাইয়ের হাতে খুন হয়েছে ছোট ভাই। ঘটনাটি ঘটেছে গত শনিবার উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের দুর্গম নোয়াপাড়া গ্রামে। এ ঘটনায় মামলা হয়নি। তবে ঘটনার পর থেকে বড় ভাই পলাতক।পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার উপজেলার দুর্গম নোয়াপাড়া গ্রামের গুলচোগা চাকমার দুই ছেলে রাজ্য চাকমা (২৫) ও ফুল চন্দ্র চাকমা (২৭) বাড়িতে মদ্যপানে বসেন। এ সময় মাংস নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে বড় ভাই ফুল চন্দ্র চাকমা দা নিয়ে রাজ্য চাকমাকে কুপিয়ে জখম করেন। আহত অবস্থায় তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে সেখান থেকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার রাতে তাঁর মৃত্যু হয়।গতকাল সোমবার সরেজমিনে নোয়াপাড়া গ্রামে রাজ্য চাকমার বাড়িতে গিয়ে দেখা গেছে, তাঁর স্ত্রী সুইটি চাকমা (১৯) আড়াই বছর বয়সী শিশুসন্তান নিষ্ঠুর চাকমাকে কোলে নিয়ে বসে আছেন। তিনি জানান, তাঁর স্বামী জমি বর্গা নিয়ে চাষ করতেন। শনিবার তাঁর স্বামী ও ভাশুর মদ্যপানে বসলে সেখানে মাংস খাওয়াকে কেন্দ্র করে ভাশুরের দায়ের কোপে স্বামীর মৃত্যু হয়েছে। আড়াই বছর বয়সী শিশুকে নিয়ে ভবিষ্যৎ জীবনের চিন্তা থাকলেও স্বামী খুন হওয়ার জন্য কারও প্রতি তাঁর অভিযোগ নেই। ভাইয়ের হাতে ভাই মারা গেছেন। অভিযোগ করে কী হবে?রাজ্য চাকমার মা মনং গিনি চাকমা বলেন, ‘আমি অসুস্থ। ঘটনার সময় বাড়ির ভিতরে ছিলাম। পরে শুনেছি, আমার এক ছেলের হাতে আরেক ছেলে মারা গেছে। আমাদের কোনো অভিযোগ নেই। নিহত ছেলের স্ত্রীকে আমার অন্য ছেলেরা বোনের মতো ভরণ-পোষণের দায়িত্ব নেবে।’রাজ্য চাকমার বড় ভাই প্রবীণ চন্দ্র চাকমা জানান, মদ্যপানরত অবস্থায় মাংস নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হলে ফুল চন্দ্র চাকমা দা দিয়ে কোপান রাজ্য চাকমাকে। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার পরপর ফুল চন্দ্র চাকমা পালিয়ে যান। এখনো বাড়িতে আসেননি।দীঘিনালা থানার পরিদর্শক ইসরাফিল মজুমদার বলেন, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত কোনো অভিযোগ দেওয়া হয়নি। খোঁজ নিয়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।