ভাইয়ের হাতে ভাই খুন
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মেড়েয়া গ্রামে গত সোমবার রাতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম মাহতাব হোসেন। পুলিশ ছোট ভাই জিকরুলকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাহতাব-জিকরুলের বাবা মাহমুদ হোসেন কয়েক বছর আগে ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে ছেলে মাহতাবকে দিয়েছিলেন। ঋণ পরিশোধ না করায় বর্তমানে তা বেড়ে সুদে-আসলে প্রায় দেড় লাখ টাকা হয়েছে। মাহমুদের ছয় ছেলে ও তিন মেয়ে। ঋণ পরিশোধের জন্য অন্য ছেলেমেয়েরা বাবাকে বারবার তাগাদা দেওয়ায় তিনি সম্প্রতি জমি বিক্রি করে ঋণ পরিশোধের উদ্যোগ নেন। এ নিয়ে অপর পাঁচ ভাই মাহতাবের ওপর ক্ষুব্ধ হন।গত সোমবার সকালে জিকরুল তাঁর ভাই মাহতাবের মোটরসাইকেলটি নেন চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে। সন্ধ্যায়ও মোটরসাইকেল ফেরত না দেওয়ায় মাহতাব খোঁজ নিয়ে জানতে পারেন, জিকরুল মোটরসাইকেলটি তালাবদ্ধ করে বাইরে চলে গেছেন। তখন ওই অবস্থায় মোটরসাইকেলটি নিয়ে যান মাহতাব। রাত ১০টার দিকে জিকরুল বাড়ি ফিরে জানতে পারেন তাঁর ভাই মোটরসাইকেলটি নিয়ে গেছেন। এরপর তিনি বাবা মাহমুদ, ভাই জিয়াউর ও বন্ধু মিলনকে নিয়ে মাহতাবের বাড়িতে যান। তখন দুই ভাইদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে জিকরুল তাঁর ভাই মাহতাবের বুকে ছুরি ঢুকিয়ে দেন। এতে মাহতাব ঘটনাস্থলেই নিহত হন।পার্বতীপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহিদুল ইসলাম গতকাল মঙ্গলবার জানান, রাতেই পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের ভাইয়েরা জিকরুলকে আটক করে গতকাল সকালে পুলিশে সোপর্দ করেছেন। এ ঘটনায় নিহতের বড় ভাই গোলাম মোস্তফা জিকরুল ও মিলনকে আসামি করে গতকাল বিকেলে হত্যা মামলা দায়ের করেছেন।