ভাইয়ের হাতে ভাইসহ চার জেলায় পাঁচজন খুন
নড়াইলের লোহাগড়া উপজেলায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে রফিকুল শেখ (২৭) নামের এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জয়পুর ইউনিয়নের সিডি বাজারে এ ঘটনা ঘটে। এ ছাড়া কুষ্টিয়ার সদর ও কুমারখালী, পটুয়াখালীর রাঙ্গাবালী এবং খুলনার ডুমুরিয়া উপজেলায় চার ব্যক্তি খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার পুলিশ তাঁদের লাশ উদ্ধার করেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:লোহাগড়া (নড়াইল): মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে জয়পুর ইউনিয়নের সিডি বাজারে পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে রফিকুল শেখকে ছুরিকাঘাত করে পালিয়ে যান তাঁর ছোট ভাই দেলোয়ার শেখ। ঘটনাস্থলেই রফিকুলের মৃত্যু হয়। তাঁরা একই ইউনিয়নের আড়িয়ারা গ্রামের আক্কাছ শেখের ছেলে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, নিহতের বুকের বাঁ পাশে ও পাঁজরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দেলোয়ার পালাতক রয়েছেন।কুষ্টিয়া: গতকাল সকালে সদর উপজেলার বারুইপাড়া মাঠে এক ব্যক্তির মাথাবিহীন মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে এলাকাবাসী মাঠের পাশেই আধা কিলোমিটার দূরে সোনাইডাঙ্গা-বারুইপাড়া খালের ক্যালভার্টের ওপর একটি মাথা পড়ে থাকতে দেখেন। পরে খবর দেওয়া হলে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের পরিচয় পাওয়া যায়নি। পুলিশের ধারণা, অন্য কোথাও হত্যা করে দুর্বৃত্তরা লাশটি ওই মাঠে ফেলে যায়। অপর দিকে কুমারখালী উপজেলার পান্টি গ্রামের দক্ষিণপাড়ার একটি বাগানের গাছে ঝুলন্ত অবস্থায় থাকা উজ্জ্বল হোসেন নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে কুমারখালী থানা-পুলিশ। ওই থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়ার কারণে উজ্জ্বল হোসেনকে হত্যার পর গলায় রশি বেঁধে গাছে ঝুলিয়ে রাখা হয়।গলাচিপা (পটুয়াখালী): রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামের মো. বশির হাওলাদার (৩৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল কাউখালী এলাকার একটি জঙ্গল থেকে পুলিশ তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করে। বশিরের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর বাড়ি ফেরেননি। রাঙ্গাবালী থানার উপপরিদর্শক (এসআই) মো. মুতালিব বলেন, বশিরের মাথা, মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।খুলনা: ডুমুরিয়া উপজেলার গোপালনগর বিল থেকে গতকাল সকালে ওবায়দুল ইসলাম (১৮) নামের এক কলেজছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ডুমুরিয়া কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ওবায়দুল উপজেলার গুটুদিয়া গ্রামের শেখ লুৎফর রহমানের ছেলে। তাঁর প্যান্টের পকেটে মোটরসাইকেলের একটা রসিদ পাওয়া যায়। খুলনার ‘খ’ অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুল কাদের বেগ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, মোটরসাইকেলটি নেওয়ার জন্য তাঁকে হত্যা করা হয়েছে।’