ভাই-বোনের 'রহস্যজনক' মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালীতে ঘুমন্ত অবস্থায় দুটি শিশুর (ভাই-বোন) ‘রহস্যজনক’ মৃত্যু হয়েছে। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
গতকাল সোমবার ভোর ছয়টার দিকে উপজেলার বাগাট ইউনিয়নের পূর্ব চর বাগাট গ্রামের ইউসুফ আলী মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। ইউসুফ আলী মোল্লা বাগাট বণিক সমিতির সভাপতি।
মৃত্যুবরণকারী শিশু তকি মোল্লা (৫) ও তাহেরা (৬ মাস) ইউসুফ আলী মোল্লার ছেলে আবদুল্লাহ-আল মামুনের সন্তান। আবদুল্লাহ-আল মামুন তাঁর স্ত্রী তাছলিমা বেগম ও দুই শিশুসন্তান নিয়ে ঢাকার মোহাম্মদপুরে থাকেন। ১৭ দিন আগে আবদুল্লাহ ক্যানসারে আক্রান্ত তাঁর মা জেবুন্নাহারকে নিয়ে ভারতের ভেলরে যান। এ জন্য তিনি স্ত্রী ও সন্তানদের তাঁর গ্রামের বাড়িতে রেখে যান।
তাছলিমা বেগম বলেন, প্রতিদিনের মতো তিনি দুই শিশুসন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন। ভোরে শিশুকন্যাকে দুধ খাইয়ে ফজরের নামাজ শেষে সংসারের কাজ শুরু করেন। সাতটার দিকে তাঁর (তসলিমার) ননদ ইরানী বেগম ঘরের ভেতর ঢুকে দুই শিশুর কোনো সাড়াশব্দ না পেয়ে চিৎকার দেন। আটটার দিকে বাগাট বাজার থেকে পল্লিচিকিৎসক মহাদেব চন্দ্র দাসকে ডেকে আনা হয়। তিনি পরীক্ষা করে শিশু দুটিকে মৃত বলে ঘোষণা করেন।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমি প্রথম আলোকে বলেন, শিশু দুটির মৃত্যু খুবই ‘রহস্যজনক’। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।