ভাই-ভাতিজার মারধরে মুক্তিযোদ্ধার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শ্রীপুরে ভাই ও ভাতিজার মারধরে ওয়াজেদ আলী বিশ্বাস (৬৭) নামের এক মুক্তিযোদ্ধা মারা গেছেন। গতকাল শনিবার সকালে উপজেলার দারিয়াপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ভাই রায়েন বিশ্বাস (৬০) ও ভাতিজা কাউছার বিশ্বাসকে (২২) আটক করেছে পুলিশ।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, ওয়াজেদ আলী বিশ্বাস একজন মুক্তিযোদ্ধা। পারিবারিক জমিজমা নিয়ে গত বুধবার ভাই ও ভাতিজা তাঁকে মারধর করেন। ওই দিনই বাঁর ভাই ও ভাতিজাকে আটক করে জেলহাজতে পাঠায় পুলিশ। তবে ওয়াজেদ আলী বিশ্বাস মারা যাওয়ায় তাঁদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ সূত্র জানায়, শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের নবগ্রামের মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী বিশ্বাসের সঙ্গে তাঁর ভাই রায়েন বিশ্বাসের পারিবারিক জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে বুধবার সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে ওয়াজেদ আলী বিশ্বাসকে ছোট ভাই রায়েন বিশ্বাস ও তাঁর ছেলে কাউছার বিশ্বাস মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।