ফরিদপুরে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৩) প্রকল্পের আওতায় বিদ্যালয়ভিত্তিক উন্নয়ন পরিকল্পনার (এসএলআইপি) বরাদ্দের বিল পাস করতে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় বরাদ্দ পাওয়া স্কুলগুলো থেকে এ টাকা আদায় করেছে বলে অভিযোগ উঠেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় জানায়, এ বছর ফরিদপুর সদরের ১৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটিতে শিক্ষা সহায়ক উপকরণ কিনতে ৩০ হাজার টাকা করে মোট ৪১ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ওই বিল পেতে প্রতিটি বিদ্যালয়কে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে তিন হাজার করে টাকা দিতে হয়েছে।
শিক্ষকেরা জানান, গত মার্চে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে বরাদ্দ পাওয়া স্কুলগুলোকে ব্রিফিং দেওয়া হয়। সেখানে ভ্যাট বাবদ টাকা জমা দেওয়া ও নির্দিষ্ট কিছু শিক্ষা উপকরণ শহরের গোয়ালচামট মহল্লার পৃথ্বিরাজ কম্পিউটার অ্যান্ড গিফট সেন্টার থেকে কিনতে বলা হয়। এপ্রিলে বরাদ্দ পাওয়া স্কুলের প্রধান শিক্ষকেরা ব্যাংক থেকে ৪০ হাজার টাকা করে উত্তোলন করেন। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল আলম প্রধান শিক্ষকদের ফোন করে ভাউচার জমা দেওয়ার সময় ভ্যাট ও অফিস খরচ বাবদ তিন হাজার টাকা করে উপজেলা শিক্ষা কার্যালয়ে জমা দিতে বলেন।
ঢাকা বিভাগীয় হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের নিরীক্ষক (অডিটর) গৌরাঙ্গ চন্দ্র সরকার বলেন, শিক্ষা উপকরণ কেনার জন্য সাড়ে চার ভাগ ভ্যাট বাবদ জমা দিতে হয়। এ হিসাবে প্রতিটি স্কুলের এক হাজার ৩৫০ টাকা ভ্যাট বাবদ উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়ার কথা। কিন্তু এ ক্ষেত্রে প্রতি স্কুল থেকে এক হাজার ৬৫০ টাকা বেশি নেওয়া হয়েছে। সে হিসাবে ১৩৮টি বিদ্যালয় থেকে মোট দুই লাখ ২৭ হাজার ৭০০ টাকা অতিরিক্ত নেওয়া হয়েছে।
প্রধান শিক্ষকেরা আরও জানান, পৃথ্বিরাজ কম্পিউটার থেকে অত্যন্ত নিম্নমানের কাগজ দিয়ে তৈরি ১/৪ সাইজের খাতা কিনতে হয়েছে ২০ টাকা করে। এ ছাড়া দুই হাজার ২০০ টাকায় নিম্নমানের ১৬টি চার্ট কেনা বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিটি স্কুলের ভাউচারে পৃথ্বিরাজের ভাউচার রয়েছে তা নিশ্চিত হয়েই উপজেলা শিক্ষা কর্মকর্তা বিল অনুমোদন করেন। কেনাকাটা শেষে প্রধান শিক্ষকেরা সদর উপজেলা কার্যালয়ে গিয়ে প্রধান সহকারী নিজামউদ্দিনের কাছে বিল ভাউচার এবং একই সঙ্গে ওই কক্ষে উপস্থিত আশরাফুল আলমের হাতে তিন হাজার করে টাকা দেন। এ টাকা নিয়ে তাঁদের কোনো রসিদ দেওয়া হয়নি।
সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুল হক তালুকদার বলেন, বিল পাসের জন্য শিক্ষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়নি। তবে অফিস সহকারী ভ্যাট বাবদ সাড়ে চার ভাগ টাকা নিয়েছেন। রসিদ না দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এ টাকা চালানের মাধ্যমে জমা দেওয়া হয়েছে।