ভাওয়াইয়া উৎসব শেষ হলো বিচ্ছেদের সুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আজ ধীরে বোলাও গাড়ি রে গাড়িয়াল আস্তে বোলাও গাড়ি, আর এক নজর দেখিবার নাও মুই দয়ার বাপের বাড়ি রে গাড়িয়াল’ এমনি অনেক ভাওয়াইয়া গানের সুরে দর্শকশ্রোতা প্রাণভরে উপভোগ করেছেন গতকাল শনিবার শেষ দিনের উৎসব।

তিন দিনব্যাপী উৎসবের শেষ দিন গতকাল শনিবার দিনাজপুর, কুড়িগ্রাম ও পঞ্চগড় জেলার ভাওয়াইয়া শিল্পীসহ রংপুরের ভাওয়াইয়া একাডেমি ও সাউন্ড টাচের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। বিকেল থেকে দর্শকশ্রোতা ভিড় করতে থাকেন। সন্ধ্যার আগেই পুরো শহীদ মিনার চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

ভাওয়াইয়া গানের প্রসার ও মানোন্নয়নে রংপুরের সাংস্কৃতিক সংগঠন সাউন্ড টাচ মুঠোফোন কোম্পানি বাংলালিংকের সহযোগিতায় এই উৎসবের আয়োজন করে। ‘আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য হোক আমাদের নতুন কিছু করার অনুপ্রেরণা’ এই স্লোগান নিয়ে রংপুর বিভাগের আট জেলার ভাওয়াইয়া শিল্পীদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে চলে এই আয়োজন।

ভাওয়াইয়া গান শুনতে আসা লাইলী বেগম বলেন, ‘প্রতিদিনই গান শুনতে এসেছি। বেশ ভালো লেগেছে। তবে বসার আয়োজনে অনেক ত্রুটি ছিল।’ রবিউল ইসলাম নামের এক প্রবীণ শিক্ষক বললেন, ‘এ গানের তো তুলনা নেই। কিন্তু মঞ্চ এক পাশে হওয়ায় শিল্পীদের দেখতে অনেকটা বেগ পেতে হয়েছে।’

সাউন্ড টাচের সাধারণ সম্পাদক মোফাখখারুল ইসলাম বলেন, ত্রুটি শুধরিয়ে ভবিষ্যতে আরও বড় আয়োজন করার চিন্তভাবনা রয়েছে।

সংগীত পরিবেশনের আগে ‘লোকসংগীতে ভাওয়াইয়ার ঐতিহ্য’ শীর্ষক আলোচনা হয়। সাউন্ড টাচের সভাপতি মাজেদুর রহমানের সভাপতিত্বে অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হোসনে আরা লুৎফা, জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ, পুলিশের ডিআইজি হুমায়ূন কবির, পুলিশ সুপার আবদুর রাজ্জাক, শিল্প ও বণিক সমিতির সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী, বাংলালিংকের কর্মকর্তা ইফতেখার আজম।