ভাওয়াইয়া শিল্পী মহেশ চন্দ্রকে স্মরণ
ভাওয়াইয়া গানের মরমি শিল্পী ও গীতিকবি মহেশ চন্দ্র রায়ের ২২তম মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মরণে উৎসবের আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নীলফামারীর সৈয়দপুর উচ্চবিদ্যালয় চত্বরে এই উৎসবের আয়োজন করা হয়।
মহেশ চন্দ্র রায় মৃত্যুবার্ষিকী উদ্যাপন কমিটি ও সৈয়দপুর প্রেসক্লাব যৌথভাবে নানা কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব উদ্যাপন করে। এ উপলক্ষে গতকাল বেলা ১১টায় স্কুল প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর হাফিজুর রহমান হাফিজের লেখা ‘শিল্পী মহেশ চন্দ্র রায়: জীবন ও কর্ম’ শীর্ষক নিবন্ধের ওপর আলোচনা সভা হয়। এতে অংশ নেন আমির আলী আজাদ, তুষার কান্তি রায় প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্যাপন কমিটির আহ্বায়ক ও সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার। পরে রংপুর অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে আসা শিল্পীরা মহেশ চন্দ্রের লেখা ভাওয়াইয়া গান পরিবেশন করেন।
মহেশ চন্দ্র একাধারে গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। তাঁর গানের কথায় তিনি সমাজ বাস্তবতার চিত্র তুলে ধরেছেন।