ভাওয়াইয়া উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পীদের কণ্ঠে একের পর এক ভাওয়াইয়া গান। দর্শক–শ্রোতার উপচেপড়া ভিড়। সুরের মূর্ছনায় মুখরিত হয়ে উঠেছিল রংপুর পাবলিক লাইব্রেরি মাঠ। গতকাল শুক্রবার তিন দিনব্যাপী ভাওয়াইয়া উৎসব শুরু হয়েছে। সাংস্কৃতিক সংগঠন ‘সংগীতশিল্পী গোষ্ঠী’র আয়োজনে এ উৎসবে গতকাল রংপুর বিভাগের আট জেলার মধ্যে রংপুর, দিনাজপুর ও লালমনিরহাটের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। আজ ও আগামীকাল কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী ও গাইবান্ধা জেলার ভাওয়াইয়া শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। প্রথম দিনে ‘আজ ধীরে বোলাও গাড়ি রে গাড়িয়াল, আস্তে বোলাও গাড়ি’, ‘রংপুর হামার রঙ্গে ভরা’, ‘ও ওমোর কালা রে কালা’, ‘ও মুই না শোনও না শোনও তোর বইদেশিয়া কথা রে ও মোক ছাড়িয়া গেলু কেনে,’—এমনই নানা ভাওয়াইয়া গানে দর্শক-শ্রোতাদের মধ্যে মুগ্ধতা ছড়িয়ে পড়ে। গানের তালে তালে নৃত্যও হয়েছে। বিকেল থেকে রাত পর্যন্ত চলে ভাওয়াইয়া সংগীত। উৎসবের উদ্বোধন করেন প্রবীণ ভাওয়াইয়া শিল্পী সিরাজ উদ্দিন। এরপর আয়োজক সংগঠনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুলতানা পারভীন।