ভাওয়াল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ : মাসুক হেলাল
অলংকরণ : মাসুক হেলাল

গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটায় ৩৩০ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তাঁর আনুমানিক বয়স ৫০ বছর। গত সাত দিনে রেললাইনে দুর্ঘটনায় তিন ব্যক্তির মৃত্যু হলো।

শ্রীপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার হারুন অর রশিদ প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে প্রথম আলোকে বলেন, সকালে ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজনের ধারণা, তিনি রেললাইনে বসে ছিলেন। ট্রেন আসার বিষয়টি টের না পেয়ে কাটা পড়েন। লাশ উদ্ধার করে রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে।

১ আগস্ট বিকেলে উপজেলার গারারণ এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস নামের একটি ট্রেনের ধাক্কায় শহীদুল ইসলামের (২৭) মৃত্যু হয়। পরদিন বৃহস্পতিবার সকাল ছয়টায় একই গ্রামে ট্রেন থেকে পড়ে মনিরুল ইসলামের (২৫) মৃত্যু হয়।