ভাওয়ালের জমি হস্তান্তর দুর্নীতি মামলায় সাবেক তিন মন্ত্রীর জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতার অপব্যবহার করে ভাওয়াল জাতীয় উদ্যানের ১৩ একর জমি ইজারা দেওয়ার অভিযোগে দুদকের দায়ের করা দুর্নীতি মামলায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম, আবদুস সাত্তার ভূঁইয়া ও জাফরুল ইসলাম চৌধুরী জামিন পেয়েছেন। গতকাল সোমবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালত ওই তিন মন্ত্রীর জামিনের আবেদন মঞ্জুর করেন।বিচারের জন্য মামলাটি গাজীপুর জেলা জজ আদালত থেকে ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতে পাঠানো হয়। গত ২২ সেপ্টেম্বর এই তিনজন জামিনের আবেদন করেন। আদালত ১১ অক্টোবর জামিনের আবেদন শুনানির দিন ধার্য করেছিলেন। কারাগারে আটক আসামি গিয়াসউদ্দিন মামুনকে অন্য এক মামলায় আদালতে হাজির করা হয়।মামলায় অভিযোগ করা হয়, ২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর ওবায়দুল করিমের প্রতিষ্ঠান ওরিয়ন মাশরুমের নামে বন্দোবস্ত দেওয়া ১৩ একর জমির মধ্যে গিয়াসউদ্দিনের প্রতিষ্ঠান ওয়ান স্পিনিং মিলস লিমিটেডকে ১০ একর জমি দিতে ভূমি মন্ত্রণালয়ে আবেদন করা হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় গাজীপুর জেলা প্রশাসকের মতামত না নিয়ে ওয়ান স্পিনিংয়ের নামে জমি হস্তান্তর করে। ভূমি মন্ত্রণালয় ওই বছরের ২০ অক্টোবর তা অনুমোদন দেয়।মামলায় আরও অভিযোগ করা হয়, ১৯৯৯ সালে প্রজ্ঞাপনের মাধ্যমে ভাওয়াল জাতীয় উদ্যানের চৌহদ্দির মধ্যে অবস্থিত বন বিভাগের গেজেটভুক্ত ২৫০টি প্রসাদ মৌজাসহ আরও সাতটি মৌজায় ব্যক্তিমালিকানাধীন বা সরকারি ভূমিতে ঘরবাড়ি, কলকারখানা, ক্ষুদ্র কুটির শিল্প, মৎস্য খামার প্রভৃতি স্থাপনা নিষিদ্ধ করা হয়। এর পরও ওয়ান স্পিনিংকে কারখানা স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে।