ভাওয়ালের জমি হস্তান্তর দুর্নীতির মামলায় তিন মন্ত্রীর জামিন আবেদন
ক্ষমতার অপব্যবহার করে ভাওয়াল জাতীয় উদ্যানের ১৩ একর জমি ইজারা দেওয়ার অভিযোগে করা দুর্নীতির মামলায় সাবেক তিন মন্ত্রী তরিকুল ইসলাম, আবদুস সাত্তার ভূঁইয়া ও জাফরুল ইসলাম চৌধুরী জামিনের আবেদন করেছেন। গতকাল বুধবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক এস এম আমিনুল ইসলাম আগামী ১১ অক্টোবর তাঁদের জামিন আবেদনের শুনানির দিন ধার্য করেছেন।গাজীপুর জেলা জজ আদালত থেকে মামলাটি বিচারের জন্য ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতে পাঠানো হয়। গতকাল আসামিদের উপস্থিতির দিন ধার্য ছিল। এই মামলার অন্য আসামি সাবেক পরিবেশ ও বনমন্ত্রী শাজাহান সিরাজ আদালতে হাজির ছিলেন। অন্য মামলায় কারাগারে আটক আসামি গিয়াসউদ্দিন মামুনকে আদালতে হাজির করা হয়। এ ছাড়া শাজাহান সিরাজের ছেলে রাজিব সিরাজ ও ওরিয়ন মাশরুম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুল করিম পলাতক রয়েছেন।২০০৮ সালের ২০ মে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক খায়রুল হুদা ওরিয়ন মাশরুমের ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুল করিমসহ চারজনের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলাটি করেন। মামলায় অভিযোগ করা হয়, ২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর ওবায়দুল করিমের প্রতিষ্ঠান ওরিয়ন মাশরুমের নামে বন্দোবস্ত দেওয়া ১৩ একর জমির মধ্যে গিয়াসউদ্দিনের প্রতিষ্ঠান ওয়ান স্পিনিং মিল্স লিমিটেডকে ১০ একর জমি দিতে ভূমি মন্ত্রণালয়ে আবেদন করা হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় গাজীপুর জেলা প্রশাসকের মতামত না নিয়ে ওয়ান স্পিনিংয়ের নামে জমি হস্তান্তর করে। ভূমি মন্ত্রণালয় ওই বছরের ২০ অক্টোবর অনুমোদন দেয়।মামলায় আরও অভিযোগ করা হয়, ১৯৯৯ সালে প্রজ্ঞাপনের মাধ্যমে ভাওয়াল জাতীয় উদ্যানের চৌহদ্দির মধ্যে অবস্থিত বন বিভাগের গেজেটভুক্ত ২৫০টি প্রসাদ মৌজাসহ আরও সাতটি মৌজায় ব্যক্তিমালিকানাধীন বা সরকারি ভূমিতে ঘরবাড়ি, কলকারখানা, ক্ষুদ্র কুটির শিল্প, মৎস্য খামার ইত্যাদি স্থাপনা নিষিদ্ধ ঘোষিত হয়। তার পরও ওয়ান স্পিনিংকে কারাখানা স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। দুদকের সহকারী পরিচালক রাশেদুর রেজা তদন্ত শেষে গত বছরের ১৯ জানুয়ারি ওবায়দুল করিমসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।