ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভাকুড়া বিলের অসমাপ্ত খননকাজ আবার শুরু হবে। গত বৃহস্পতিবার দুপুরে বিলের আশপাশের প্রান্তিক চাষি, মৎস্যচাষি ও মৎস্যজীবী সুফলভোগী ব্যক্তিদের নিয়ে উপজেলা হলরুমে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম বৃহস্পতিবার দুপুরে ভাকুড়া বিল পুনঃ খনন ও ভূমি বিরোধ নিরসনের লক্ষ্যে ওই সভার আয়োজন করেন। এতে রংপুর বিভাগীয় মৎস্য উন্নয়ন প্রকল্পের উপসহকারী প্রকৌশলী মো. রবিউল হাই, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সাত্তার প্রামাণিক, মৎস্য বিভাগের পঞ্চগড়ের উপসহকারী প্রকৌশলী মতিয়ার রহমান, বিল খননকারী ঠিকাদার সাথিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় প্রশাসনের সীমানা চিহ্নিত করা বিলের অংশ খননের সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিকাদার সাথিউর রহমান বলেন, কৃষকদের ধান কাটা শেষ হলেই আবার খননকাজ শুরু করা হবে।
২০১৫-১৬ অর্থবছরে রংপুর বিভাগীয় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় গত এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে ভাকুড়া বিলের খননকাজ শুরু করে রংপুরের মেসার্স জননী এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। বিলের প্রকৃত সীমানা নির্ধারণের দাবিতে বিভিন্ন গ্রামের ৯১ জন সুবিধাভোগী ১৯ এপ্রিল উপজেলা রাজস্ব কার্যালয়ে লিখিত আবেদন করেন। এ পরিপ্রেক্ষিতে ৮ মে সার্ভেয়ার (জরিপকারী) গিয়ে বিলের মূল জমি ৭ দশমিক ৪৮ একর বের করে তাতে লাল পতাকা উড়িয়ে দেন। ঠিকাদারের লোকজন ১৭ মে বিল থেকে খননযন্ত্র ফেরত নেন।
এ ঘটনায় ২১ মে প্রথম আলোয় ‘বিলের খনন অসমাপ্ত রেখেই কাজ গুটিয়ে নিলেন ঠিকাদার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।