ভাগ না পেয়ে নিয়োগ ঠেকানোর ঘোষণা আ.লীগ নেতাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভায় আটজন কর্মচারী নিয়োগ-প্রক্রিয়া প্রতিহতের ঘোষণা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতারা। এক সপ্তাহের ব্যবধানে দুই দফা নিয়োগ পরীক্ষা নেওয়ার চেষ্টা করা হলেও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পরীক্ষাকেন্দ্রে পাল্টা কর্মসূচি দেওয়ায় শেষ পর্যন্ত তা ভণ্ডুল হয়ে গেছে।উপজেলা আওয়ামী লীগ দাবি করেছে, টাকার বিনিময়ে পৌরসভায় কর্মচারী নিয়োগের চেষ্টা করায় তা প্রতিহতের ঘোষণা দেওয়া হয়েছে। অন্যদিকে বিএনপি-সমর্থিত পৌর মেয়র অভিযোগ তুলেছেন, পৌরসভায় কর্মচারী নিয়োগে অর্ধেক প্রার্থীর দলীয় কোটা দাবি করেছিলেন আওয়ামী লীগের নেতারা। দাবি মেনে না নেওয়ায় তাঁরা একের পর এক নিয়োগ পরীক্ষা ভণ্ডুল করে দিচ্ছেন।পৌরসভার সূত্র জানায়, একজন অফিস সহকারী, দুজন টিকাদানকারী, একজন জরিপকারী, একজন বিদ্যুৎ মিস্ত্রি, একজন এমএলএসএস, একজন নৈশপ্রহরী ও একজন টিউবওয়েল মিস্ত্রি নিয়োগের জন্য গত ১৭ মার্চ পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। আটটি পদে ৮৪ জন প্রার্থীর আবেদন পাওয়ার পর নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রার্থীদের কাছে প্রবেশপত্র পাঠানো হয়।সূত্র জানায়, ৬ জুলাই নন্দীগ্রাম মহিলা কলেজে নিয়োগ পরীক্ষা নেওয়ার সব প্রস্তুতি শেষ করে পৌর কর্তৃপক্ষ। কিন্তু পরীক্ষার দুই দিন আগে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নিয়োগ-প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানানো হয়। জেলা প্রশাসন আবেদন আমলে না নিলে উপজেলা আওয়ামী লীগ ৫ জুলাই সন্ধ্যায় পরীক্ষাকেন্দ্রে একই সময় পাল্টা দলীয় সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। পৌর কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত ঘোষণা করে।ওই ঘটনার পর পরই উপজেলা আওয়ামী লীগ সংবাদ সম্মেলন করে বিএনপি-সমর্থিত পৌর মেয়র সুশান্তু কুমারের বিরুদ্ধে প্রার্থীদের কাছ থেকে আগাম টাকা নেওয়ার অভিযোগ তুলে তা ফেরতের জন্য ৭২ ঘণ্টার সময় বেঁধে দেয়। পৌর কর্তৃপক্ষ জানায়, কয়েকজন প্রার্থীর ব্যাপারে আওয়ামী লীগ প্রশ্ন তোলায় এমএলএসএস, নৈশপ্রহরী ও টিউবওয়েল মিস্ত্রি পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করে ১২ জুলাই অবশিষ্ট পদে পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়। কিন্ত উপজেলা আওয়ামী লীগ নিয়োগ পরীক্ষা প্রতিহতের ঘোষণা দিয়ে দ্বিতীয় দফা একই স্থানে পাল্টা সমাবেশের কর্মসূচি দিয়ে পৌর সদরে বিক্ষোভ মিছিল করে। বাধ্য হয়ে পৌর কর্তৃপক্ষ দ্বিতীয় দফায় নিয়োগ পরীক্ষা স্থগিত করে। নন্দীগ্রাম পৌর বিএনপির সহসভাপতি ও মেয়র সুশান্ত কুমার অভিযোগ করেন, মাত্র সাতজন জনবল দিয়ে পৌরসভা চালাতে হচ্ছে। বাধ্য হয়েই আরও আটজন কর্মচারী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। কিন্তু উপজেলা আওয়ামী লীগের নেতারা অর্ধেক প্রার্থীর দলীয় কোটা দাবি করেন। এ দাবি না মেনে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে চাওয়ায় দুই দফা তাঁরা নিয়োগ পরীক্ষা বানচাল করেছেন।উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জাহেদুর রহমান দাবি করেন, পৌর মেয়র জামায়াত-বিএনপি-সমর্থিত প্রার্থীদের নিয়োগ দেওয়ার মাধ্যমে পৌরসভাকে দলীয়করণের চেষ্টা করছেন। নিয়োগের আগেই তিনি প্রার্থীদের কাছ থেকে অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছেন। পৌরসভার মতো একটি প্রতিষ্ঠানে এভাবে অস্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ দেওয়ার চেষ্টা আওয়ামী লীগ মেনে নিতে পারে না।নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি শফিউল আলম অভিযোগ করেন, দলের নাম ভাঙিয়ে কতিপয় নেতা কোটা দাবি করে না পেয়ে এখন পৌরসভার নিয়োগ বানচালের চেষ্টা করছেন। তাঁরা পৌরসভার কর্মচারী নিয়োগে দলকে জড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন।উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল আশরাফ বলেন, প্রার্থী কোটা না পেয়ে কতিপয় নেতা দলের নাম ভাঙিয়ে এখন নিয়োগ-প্রক্রিয়া বন্ধের মতো হঠকারী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।