ভাগনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মামাকে মারধর
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ভাগনিকে উত্ত্যক্তের ঘটনায় প্রতিবাদ করায় গত সোমবার বখাটেরা তার মামাকে মারধর করেছে। এতে তাঁর (মামা) চারটি দাঁত ভেঙে গেছে। এ ছাড়া তাঁর কাছে থাকা পৌনে দুই লাখ টাকাও ছিনিয়ে নিয়েছে বখাটেরা। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু এখনো পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।ওই ব্যক্তির (মামা) পরিবার জানায়, উপজেলার উজানচর ইউনিয়নের ওই ব্যক্তি অভাবের কারণে ছোট বোনের মেয়ে ও তাঁর স্বামী এবং দুই সন্তানকে তাঁদের গ্রামে বাড়ি করে দেন। কয়েক মাস ধরে একই এলাকার মাজেম আলী মৃধার বখাটে ছেলে সোহেল মৃধা (২৫) মুঠোফোনে ও রাস্তায় তাঁর ভাগনিকে উত্ত্যক্ত করতেন। এ নিয়ে একাধিকবার বখাটের বাবার কাছে নালিশ করে এর সমাধান করা হয়। এতে সোহেল ক্ষিপ্ত হন। গত সোমবার রাত আটটার দিকে সোহেল, কোকিল মৃধা, মহির মৃধা, বাবলু মৃধাসহ আরও কয়েকজন মিলে ওই ব্যক্তিকে (মামা) বেদম মারধর করেন। এতে তাঁর মুখের সামনের চারটি দাঁত ভেঙে যায়। এ সময় তাঁরা ওই ব্যক্তির কাছে থাকা এক লাখ ৭৯ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে তাঁরা পালিয়ে যান। ওই ব্যক্তিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ব্যাপারে খোঁজ নিতে গতকাল বৃহস্পতিবার এলাকায় গেলে সোহেলের পরিবারের কাউকে পাওয়া যায়নি।গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, অভিযোগ পাওয়ার পর উপপরিদর্শক (এসআই) জাকির হোসেনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।