ভাগনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায়...
ভাগনিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করেছিলেন মামি। জবাবে পাঁচ বখাটে মামি-ভাগনি দুজনকেই অপহরণের চেষ্টা চালায়। এ সময় তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এসে বখাটেদের ধরে পিটুনি দেয় এবং পুলিশে সোপর্দ করে। গতকাল বৃহস্পতিবার বগুড়ার শেরপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শেরপুর থানায় একটি অপহরণ মামলা হয়েছে।মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার ধুনট উপজেলার চরখাদুলী গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী মিনু খাতুন ডায়াবেটিসের রোগী। গতকাল সকাল ছয়টার দিকে তিনি ভাগনিকে নিয়ে চিকিৎসার উদ্দেশে বাড়ি থেকে ভ্যানে চান্দাইকোনা বাজারের দিকে রওনা হন। পথে মথুরাপুর জিএমসি কলেজের কাছে পৌঁছালে পাঁচ বখাটে অটোরিকশায় চড়ে তাঁদের ভ্যানের পিছু নেয়। এ সময় তারা ভাগনিকে উত্ত্যক্ত করে এবং অশ্লীল কথা বলে। বখাটেরা এভাবে প্রায় এক কিলোমিটার রাস্তা ভ্যানের পিছু পিছু আসে। একপর্যায়ে মিনু খাতুন প্রতিবাদ করেন। শেরপুরের নাকুয়া গ্রামের সেতুর ওপর পৌঁছালে বখাটেরা ভ্যানগাড়িটি থামিয়ে মামি-ভাগনিকে টেনে-হিঁচড়ে অটোরিকশায় তোলার চেষ্টা করে। এ সময় তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এসে বখাটেদের আটক করে পিটুনি দেয়। খবর পেয়ে ধুনট থানার পুলিশ সকাল নয়টায় ঘটনাস্থলে পৌঁছে এবং তিন বখাটে ও অটোরিকশাচালককে গ্রেপ্তার করে। পুলিশ ঘটনাস্থলে আসার আগেই দুই বখাটে পালিয়ে যায়।গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনারায় গ্রামের অটোরিকশাচালক শহিদুল ইসলাম (৩৮), সিমলা গ্রামের শহিদুল ইসলাম ওরফে মাইকেল (২৪) ও আবদুল কাদের (২০) এবং কোদলা দিগর গ্রামের শরীফুল ইসলাম (২০)। পালিয়ে যাওয়া অপর দুই বখাটে হলো আকন্দপাড়ার আল-আমিন (২৪) ও চান্দাইকোনা বাসস্ট্যান্ডের বিপ্লব হোসেন (২২)।গ্রেপ্তার হওয়া বখাটে শহিদুল ইসলাম ওরফে মাইকেল পুলিশের পা জড়িয়ে ধরে বলে, ‘স্যার! আমাক মাফ কইর্যা দেন। সারা রাত যাত্রা দেখছি। ঘুমে মাথা ঠিক ছিল না। তাই ভুল হয়া গেছে।’ ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান পাশা বলেন, ‘আমরা চারজনকে আটক করে শেরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।’