ভাগনিকে হত্যার দায়ে মামার মৃত্যুদণ্ড

গাজীপুরের শ্রীপুরে আপন ভাগনিকে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় অপর দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আজ বুধবার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় দেন।
একই সঙ্গে রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে যাবজ্জীবন দণ্ড পাওয়া আসামিদের আরও তিন মাস করে সশ্রম কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. রিপন মিয়া (৩৫)। তাঁর বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি দুজন রবিউল ইসলাম (২৩) ও মো. মোজাফফর (২০)। রবিউল ইসলামের বাড়ি বগুড়া সদর উপজেলার ভাটকান্দি গ্রামে এবং মোজাফফরের বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতী থানায়।
গাজীপুর আদালতের পরিদর্শক রবিউল ইসলাম জানান, জমিজমা–সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে রিপন মিয়া তার দুই সহযোগীকে নিয়ে আপন ভাগনি নাজমীনকে গলা কেটে হত্যা করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, গাজীপুরের শ্রীপুর উপজেলার ছলিং মোড় (চকপাড়া) এলাকার হাসমত আলীর মেয়ে মোছা আছমা বেগম তাঁর দুই কন্যাসন্তান নাসরিন (১৮) ও নাজমীনকে (৭) মা–বাবার কাছে রেখে অন্যত্র বিয়ে করেন। প্রতিবেশী করিম ও অন্যদের সঙ্গে তাঁদের জমি নিয়ে বিরোধ ছিল।
২০১৫ সালের ২৯ অক্টোবর মিনুজা বেগম ও নাজমীনকে বাড়িতে রেখে হাসমত আলী টাঙ্গাইল বেড়াতে যান। ওই দিন দিবাগত রাত আড়াইটার দিকে নানির সঙ্গে ঘরে ঘুমিয়ে থাকা নাজমীনকে জোরপূর্বক তুলে নিয়ে উঠানে জবাই করে হত্যা করা হয়। এ ঘটনায় আছমা বেগম বাদী হয়ে ৩০ অক্টোবর প্রতিবেশী আবদুল করিম, আবদুল কাদির ও আবদুল মোতালেবকে আসামি করে শ্রীপুর থানায় হত্যা মামলা করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই খন্দকার আমিনুর রহমান মামলার তদন্ত করে নিহত শিশুর আপন মামা মো. রিপন মিয়া এবং তাঁর দুই সহযোগী রবিউল ও মোজাফফরকে গ্রেপ্তার করে। এজাহারভুক্ত তিনজনের নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়।
পরে রিপন মিয়াসহ দুই সহযোগী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পুলিশ ২০১৬ সালে ৬ জানুয়ারি রিপন মিয়া, রবিউল ও মোজাফফরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ১৬৪ ধারায় জবানবন্দিতে রিপন মিয়া স্বীকার করেন, পূর্বশত্রুতা ও জমিজমা–সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষ করিম গংদের ফাঁসাতেই তিনি তাঁর ভাগনিকে হত্যা করেছেন। মামলায় আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।