ভাগনির লাশ নিয়ে যাওয়ার সময় আটক হলেন মামা
মাইক্রোবাসে করে ভাগনির লাশ নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছিলেন মামা। পথে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় পুলিশ লাশটি উদ্ধার করে মামাকে আটক করেছে। গতকাল বুধবার সকালে ওই ঘটনা ঘটে।
আটক হওয়া ওই ব্যক্তির নাম রানা সরকার (২৫)। তাঁর ভাগনি সুফিয়া আক্তারের (১৭) লাশ গতকাল সকালে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্ত ছাড়াই লাশটি বরিশালের ভাঙ্গিলা এলাকায় নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে আটক হন তিনি।
টেপিরবাড়ি এলাকার বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকার একটি বাড়িতে রানা সরকারের সঙ্গে তাঁর ভাগনি সুফিয়া আক্তার ভাড়া থাকতেন। সেখান থেকে তিনি স্থানীয় এমসি বাজার এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। গতকাল বুধবার সকালে ঘুম থেকে উঠতে দেরি করায় রানা তাঁর ভাগনি সুফিয়াকে ডাকতে যান। সাড়াশব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে তিনি ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ভাগনির লাশ দেখতে পান। পরে পাশের ঘরের সিলিং খুলে লাশটি উদ্ধার করা হয়। এরপর রানা ময়নাতদন্ত ছাড়াই মাইক্রোবাসে করে লাশ নিয়ে সুফিয়ার বাড়ি বরিশালের ভাঙ্গিলার পথে রওনা হন। শ্রীপুরের মাওনা-চৌরাস্তা এলাকায় গিয়ে গাড়িটি যাত্রাবিরতি করে। এ সময় স্থানীয় লোকজন গাড়িতে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। শ্রীপুর থানা-পুলিশ সেখানে গিয়ে লাশের ময়নাতদন্ত-সংক্রান্ত কাগজপত্র না পাওয়ায় লাশটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ মাইক্রোবাসসহ রানাকে আটক করে।
শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাশিদ বলেন, এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া বলা সম্ভব নয়। এ ছাড়া কী কারণে সুফিয়া আত্মহত্যা করেছে, তা কেউ জানাতে পারেনি।