ভাগনে গ্রেপ্তার, টাকার জন্য হত্যা করেন মামা-মামিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকার জন্য ভাগনে নাজিমুজ্জামান সাংবাদিক ফরহাদ খাঁ ও তাঁর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছেন। গতকাল মঙ্গলবার মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নাজিম পুলিশ ও গণমাধ্যমকর্মীদের কাছে এই স্বীকারোক্তি দেন। তাঁকে গতকাল ভোরে মিরপুর-১ থেকে গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশ সূত্র জানায়, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভোর পাঁচটার দিকে মাজার রোডের মেস থেকে নাজিমকে (২২) গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ফরহাদ খাঁর নয়াপল্টনের ভাড়া বাসার পাশের ড্রেন থেকে হত্যাকাণ্ডে ব্যবহূত রক্তমাখা শার্ট-প্যান্ট ও দুটি ছোরা উদ্ধার করা হয়। পরে তাঁর কাছ থেকে লুট হওয়া সাত হাজার টাকা, একটি স্বর্ণের চেইন, এক জোড়া কানের দুল ও দুটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। গতকাল সকালে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সামনে নাজিমকে হাজির করা হয়। সেখানে নাজিম তাঁর মামিকে খুন করার কথা স্বীকার করে বলেন, তিনি মিরপুর-১ নম্বরের মাজার রোডের একটি মেসে থাকতেন। তিনি দীর্ঘদিন বেকার। মাঝেমধ্যে মামা ফরহাদ খাঁর বাসায় গিয়ে তিনি টাকা-পয়সা চুরি করতেন। এ কারণে মামি তাঁকে সন্দেহ করতেন। বাসায় গেলে বকাঝকা করতেন। নাজিম বলেন, কিছুদিন ধরে তাঁর মামি টাঙ্গাইলের ভূয়াপুর থেকে পিঠার চাল আনতে বলেন। গত বৃহস্পতিবার রাতে তিনি চালসহ বন্ধু রাজুকে নিয়ে মামার নয়াপল্টনের ভাড়া বাসায় যান। তাঁর খুব টাকার দরকার ছিল। মেস ও দোকানে তাঁর কাছে সাত হাজার টাকা পেত। তাই দুজনে মিলে আগেই মামার বাসায় টাকা চুরির পরিকল্পনা করেন। চুরি করতে গিয়ে ধরা পড়লে তাঁরা মামা-মামিকে খুন করবেন। খুনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে নাজিম বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ১০ কেজি পিঠার চাল নিয়ে তাঁরা মামার বাসায় যান। তাঁদের বসার ঘরে ঘুমাতে দেওয়া হয়। রাত দুইটার দিকে মামা-মামি ঘুমিয়ে পড়লে তাঁরা আলমারি খুলতে চাবি খোঁজেন। অনেক খোঁজাখুঁজি করেও চাবি না পেয়ে রান্নাঘর থেকে দুটি ছুরি এনে ফরহাদ খাঁর শোবার ঘরে ঢোকেন তাঁরা। তিনি ফরহাদ খাঁর গলা ও তাঁর বন্ধু রাজু মামি রহিমা খাতুনের গলা কেটে মৃত্যু নিশ্চিত করেন। এরপর আলমারির চাবি পেতে প্রায় রাত চারটা বেজে যায়। চাবি দিয়ে আলমারি খুলে তাঁরা ২০ হাজার টাকা, স্বর্ণালংকার ও দুটি মুঠোফোন নিয়ে দ্রুত সিএনজিচালিত অটোরিকশায় করে মেসে যান। এ সময় তাঁরা বাইরে থেকে বাসার দরজায় তালা লাগিয়ে দেন।নাজিমকে সাংবাদিকদের সামনে হাজির করার আগে ডিবির উপকমিশনার মনিরুল ইসলাম সংবাদ ব্রিফিংয়ে বলেন, ফরহাদ খাঁর ছোট বোন নাজনীন ইতির একমাত্র ছেলে নাজিম বেকার। তাঁর বাবা বেঁচে নেই।উপকমিশনার বলেন, নাজিম হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী। তাঁর কাছে লুণ্ঠিত সাত হাজার টাকা পাওয়া গেছে। বাকি টাকা দিয়ে তিনি মেস ও বিভিন্নজনের পাওনা পরিশোধ করেছেন। নাজিমের বন্ধু রাজুকে গ্রেপ্তারে অভিযান চলছে। নাজিমকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে পুলিশ মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠিয়েছে। শুনানি শেষে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবুল হোসাইন তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত শুক্রবার বিকেলে নয়াপল্টনের মসজিদ গলির ভাড়া বাসার দরজার তালা ভেঙে দৈনিক জনতার জ্যেষ্ঠ সহ-সম্পাদক ফরহাদ খাঁ ও তাঁর স্ত্রী রহিমা খাতুনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।